উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে ফিলিস্তিনি রাষ্ট্রদূত, পাশে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব © সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পরিচালকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান বিএমইউতে ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন।
জবাবে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা আমাদের হৃদয়ে রয়েছে। ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা আন্তরিকভাবে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার আওতায় ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এর আগে উপাচার্য বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও সহযোগিতার ঐতিহ্য তুলে ধরেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং চিকিৎসাশিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএমইউর বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) শবনম মোস্তারী উপস্থিত ছিলেন।