পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতালে উপ-পরিচালক পদায়ন

২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

পাঁচ জেলায় নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর লক্ষ্যে উপ-পরিচালক পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে বিশেষায়িত হাসপাতালগুলো চালুর প্রথম পদক্ষেপ নিল সরকার।

উপসচিব (পার-২ শাখা) আশ্রাফ আহমেদ রাসেল এই প্রজ্ঞাপনে সই করেছেন।

নিয়োগপ্রাপ্ত উপ-পরিচালকরা হলেন—রাজশাহী শিশু হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি; রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগে সহযোগী অধ্যাপক পদে সংযুক্ত) ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান (নিজ দায়িত্বের অতিরিক্ত), রংপুর শিশু হাসপাতালে রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম (নিজ দায়িত্বের অতিরিক্ত) এবং খুলনা শিশু হাসপাতালে খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শওকত আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ২৯ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৩০ নভেম্বর তারা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, দেশের শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও খুলনায় ২০০ শয্যাবিশিষ্ট এই পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। প্রতিটি হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের অবকাঠামো তৈরি করা হয়।

তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো দীর্ঘ কয়েক বছর অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। অবকাঠামো প্রস্তুত থাকার পরও সেবা চালু না হওয়ায় সেবাবঞ্চিত ছিলেন রোগীরা। এর ফলে শিশুর বিশেষায়িত চিকিৎসার ভার পুরোটা বহন করতে হচ্ছিল ঢাকার শিশু হাসপাতালকে।

পরবর্তীতে অব্যবহৃত এই ভবনগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এগুলোকে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পরিচালনার জন্য ৭১৫টি পদ সৃজনের অনুমোদন দেয় সরকার। একই সাথে গত ১৫ আগস্ট এক অনুষ্ঠানে অক্টোবরের মধ্যে হাসপাতালগুলো চালুর ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এগুলো চালু করা সম্ভব হয়নি।

‎তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যা…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ…
  • ২৪ নভেম্বর ২০২৬
পাঁচ জেলায় বিশেষায়িত শিশু হাসপাতালে উপ-পরিচালক পদায়ন
  • ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জ…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার সমর্থনে রেজিস্ট্রার ভবনে মিছিল, ২ বছরের বেশি সম…
  • ২৪ নভেম্বর ২০২৬