ঢাকা বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনার সমর্থনে রেজিস্ট্রার ভবনে মিছিল, ২ বছরের বেশি সময় পর তদন্তে কমিটি © টিডিসি সম্পাদিত
২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনার পতনের মাত্র একদিন বাকি। সেদিনও এই স্বৈরাচারকে টিকিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবনের অভ্যন্তরে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। সেসময় যারা তাদের মিছিলে যোগ দেয়নি, যাদেরকে রুমে বসে থাকতে দেখেছে সবাইকে দেখে নেওয়ার হুমকিও দেয়া হয়েছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ২ বছরের বেশি সময় পর অবশেষে সেই স্বৈরাচারের দোসর সেই কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্ত করতে সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিন্ডিকেট সভার রেজুলেশন এখনও তৈরি করা হয়নি। এজন্য বিষয়টি নিয়ে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না।
জানা যায়, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসে ‘জুলাই আন্দোলন: মানবতাবিরোধী অপরাধের সমর্থনে মিছিল করা ঢাবি কর্মকর্তারা বহাল তবিয়তে, আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করলেও তদন্ত ও ব্যবস্থা নেই’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছিল, ‘‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন স্বৈরাচারের দোসর সেই কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল উপাচার্য থাকাকালীন তার অফিসে থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের ‘লোক দেখানো’ অফিস বদলি ছাড়া কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি। মানবতাবিরোধী অপরাধের সমর্থনে সেদিন আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করলেও তদন্ত ও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।’’
এদিকে, সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে (দুইজনই সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা) সাময়িকভাবে বরখাস্ত করা হলে বিএনপিপন্থী কর্মকর্তা ও কর্মচারীরা স্বৈরাচারের দোসরদের বিচার দাবি করেন।
একইসঙ্গে ২০২৪ সালের ৪ আগস্টের মিছিলে থাকা ৪৮ জনের তালিকাও প্রকাশ করেছে। তালিকাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া হয়েছে বলেও দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।