সেশনজটের কারণে আমি মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল ডিগ্রি নিতে পারিনি

২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ PM
রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান

রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ছবি

সত্তরের শেষ এবং আশির দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সময়কার রাজনৈতিক ডামাডোলে বিশ্ববিদ্যালয়ের সেশনজট ছিল স্বাভাবিক বিষয়। এ কারণে ড. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল ডিগ্রি (স্নাতকোত্তর) নিতে না পারার আক্ষেপ প্রকাশ করলেন প্রায় চার যুগ পর এসে। নিজ বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে এসে বললেন, আমি মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেশনজটের কারণে ফাইনাল ডিগ্রি নিতে পারিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আক্ষেপ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তাড়াতাড়ি পরীক্ষা নেয়। আমি বললাম তাড়াতাড়ি পরীক্ষা নেন। সেশনজট বন্ধ করেন। আমি মিলন ফাইনাল ডিগ্রি পেতে পারিনি আপনাদের সেশনজটের জন্য। আমাকে বাধ্য হয়ে বিদেশে চলে যেতে হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা শিক্ষামন্ত্রীর চিন্তাভাবনা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রসায়নের ক্ষুদ্র বিষয় বিশ্লেষণের শিক্ষা তাকে প্রতিটি সমস্যার গভীরে গিয়ে মূল কারণ অনুসন্ধান করতে শিখিয়েছে। ড. মিলন বলেন, ‘আমি প্রত্যেকটা প্রবলেমের নিউক্লিয়াসে যেতে চাই। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন—আমি সবসময় প্রবলেমের নিউক্লিয়াস খুঁজে বের করার চেষ্টা করি।’

ড. মিলনের জীবন বৃত্তান্তের তথ্য বলছে, তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) (রসায়নে মেজর এবং পদার্থবিজ্ঞান ও গণিতে মাইনর) ডিগ্রি অর্জন করেছিলেন। পরে ১৯৯০ সালে আমেরিকার নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ (মার্কেটিং-এ মেজর) ডিগ্রি অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের শিক্ষক ও রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদা বেগম।

অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ অবস্থান থেকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে একাডেমিক কার্যক্রম ডিজিটালাইজেশন, পরীক্ষা ও ফল প্রকাশে অটোমেশন এবং সেমিস্টার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি অনুষদে এসব কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। শিক্ষার মানের পাশাপাশি শিক্ষার পরিবেশ, আন্তর্জাতিক সুনাম ও গবেষণার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী তৈরির প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ না রেখে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। এ জন্য পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকের সংখ্যা বাড়ানো, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে অ্যালামনাইদের অভিজ্ঞতা কাজে লাগানো এবং একাডেমি-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

ড. ফরিদা বেগম বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অফিস ও কনফারেন্স সুবিধা আধুনিকীকরণ, শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড স্থাপন, অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি আধুনিকায়ন ও উন্নত গবেষণা সুবিধা নিশ্চিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ। পাশাপাশি আধুনিক গবেষণাগার স্থাপন ও এনএমআর (NMR) যন্ত্র সংযোজনের মাধ্যমে বিভাগের গবেষণা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রেও ভালো করছে। বিভাগের ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার উদাহরণ টেনে তিনি রসায়ন বিভাগকে একটি ‘অলরাউন্ডার’ বিভাগ হিসেবে উল্লেখ করেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে ভালো অবস্থানে রয়েছেন এবং বিভাগের প্রতি তাঁদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিভাগের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক
  • ২৪ নভেম্বর ২০২৬
সেশনজটের কারণে আমি মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল ডিগ্…
  • ২৪ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় ব…
  • ২৪ নভেম্বর ২০২৬
সাত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি বাতিল করল …
  • ২৪ নভেম্বর ২০২৬
১:২ নয়, এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই ১:৩ অনুপাতে
  • ২৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ডা. ডোনার— ‘আপনার তো রায় হয়ে গেছে, এখন বাস্তবা…
  • ২৪ নভেম্বর ২০২৬