বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত
হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি না থাকায় দেশের সাতটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। ফলে বাতিল হওয়া কমিটির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের বাধ্যবাধকতা এবং আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ ব্যবস্থাপনা কমিটি না থাকায় নিয়োগ বাছাই কমিটি গঠনের আগের আদেশ বাতিল করা হয়েছে।
আদেশ বাতিল হওয়া সাতটি প্রতিষ্ঠান হলো- রংপুরের রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালুকহাবু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও রংপুর বিএম কলেজ; টাঙ্গাইলের হাজী আবু হাশেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; রাজশাহীর বরেন্দ্র মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ; কুড়িগ্রামের চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বগুড়ার শহীদ ফজলুল বারী কারিগরি ও বিএম মহাবিদ্যালয়।
বোর্ডের চিঠিতে প্রতিষ্ঠানগুলোর কোডও উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- ১৬০৪৯, ১৬০৩৭, ১৬০৩৪, ০৮০৮৫, ২৩০৭৫, ১৭০৪২ ও ২০০৯০। প্রতিষ্ঠানগুলোর জন্য গত ৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিভিন্ন স্মারকে নিয়োগ বাছাই কমিটি গঠনের আদেশ জারি করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেসব আদেশ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।