কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত তথ্য পাঠানো হবে বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, কারিগরিতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে কত টাকা প্রয়োজন হতে পারে তার একটি হিসাব বিবরণী তৈরির কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে হিসাব তৈরির কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বুধবার হিসাব তৈরি হলে বৃহস্পতিবারের মধ্যে তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'হিসাব তৈরির কাজ প্রায় শেষ। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।'
এদিকে এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় দুই হাজার কোটি টাকা প্রয়োজন। বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে দুই হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে বলে জানানো হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এখনো তথ্য পাঠানো হয়নি। দুই অধিদপ্তরের তথ্য একত্রিত করে অর্থ বিভাগে অতিরিক্ত টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটি একত্রিত করে একটি চিঠি অর্থ বিভাগে পাঠানো হবে।’