বরিশাল বিভাগের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট © সংগৃহীত
দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে বরিশাল বিভাগের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আর্কিটেকচার টেকনোলজি—দুটি বিভাগে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এতে ভর্তির জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ২.০০ এবং মোট জিপিএ ৩.০০ থাকতে হবে।
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার পরেশ সাগর মাঠসংলগ্ন প্রায় ৩ একর ১৮ শতাংশ জমিতে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০২০-২১ অর্থবছরে এর নির্মাণকাজ শুরু হয়।
ভর্তির যোগ্যতা যা লাগবে
প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ ২.০০ এবং সব মিলিয়ে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ভর্তি প্রক্রিয়ায় মোট ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩০ নম্বর নির্ধারিত রয়েছে। এসএসসির জিপিএকে ৬ দিয়ে গুণ করে ফলাফলের নম্বর হিসাব করা হয়।
এমসিকিউ পরীক্ষায় গণিতে ২০, বাংলায় ১০, ইংরেজিতে ১০, পদার্থবিজ্ঞানে ১০, রসায়নে ১০ এবং বুদ্ধিমত্তা যাচাইয়ে (আইকিউ) ১০ নম্বর বরাদ্দ থাকে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্রের কপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি অনলাইন আবেদনপত্রের কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি প্রয়োজন হবে। ভর্তি ও টিউশন ফি জমার রসিদও সংরক্ষণ করতে হবে।
আগামী বছর চালু হতে পারে আরও দুটি বিভাগ
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সিভিল টেকনোলজি এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি চালুর পরিকল্পনা রয়েছে। এসব বিভাগ চালু হলে মোট চারটি বিভাগে ২০০ শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামসুন নাহার জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মেয়েরা কারিগরি দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী পদ সৃষ্টির প্রক্রিয়া এখনো চলমান। বর্তমানে সংযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, পূর্ণাঙ্গ ল্যাব চালু এবং নতুন বিভাগ সংযোজন করা গেলে প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০০ আসনের ছাত্রীনিবাসসহ আধুনিক অবকাঠামো
প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে ছয়টি বহুতল ভবন ও একটি একতলা ভবন। এর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন, ২০০ আসনের চারতলা ছাত্রীনিবাস, ২০ ইউনিটের পাঁচতলা শিক্ষক ডরমেটরি এবং ছয় ইউনিটের তিনতলা স্টাফ কোয়ার্টার। এ ছাড়া রয়েছে অধ্যক্ষের বাসভবন, শহীদ মিনার, নিজস্ব বিদ্যুৎ সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও সীমানাপ্রাচীর।
প্রতিষ্ঠানটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক সুমন হোসেন জানান, বর্তমানে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়। ল্যাবের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছালেও ভবনের কিছু কাজ বাকি থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ল্যাব চালু করা যায়নি। আপাতত অ্যাকাডেমিক ভবনের নিচতলায় পদার্থবিজ্ঞান ও রসায়নের ব্যবহারিক ক্লাস নেওয়া হচ্ছে।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির মূল অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। কিছু আনুষঙ্গিক কাজ, লিফট স্থাপনসহ অন্যান্য কার্যক্রম বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আশা করছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটি চালুর ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের নিজ এলাকায় কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, স্থাপত্য ও শিল্প খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।