এনডিএফের সেমিনারে আলোচকরা

‘সর্বরোগের জননী’ ডায়াবেটিস, এর চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী

২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
এনডিএফের সেমিনার

এনডিএফের সেমিনার © সংগৃহীত

ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ বা সর্বরোগের জননী উল্লেখ করে এর চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা হলে তা হবে উত্তম ও সাশ্রয়ী। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। গত ১৪ নভেম্বর বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সেমিনারে ডায়াবেটিস রোগের ঝুঁকি ও জটিলতা মোকাবিলায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ।

সেমিনারে কী-নোট বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু উর্মি। এতে প্যানেল আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন ও নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মুকীত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের জেনারেল সেক্রেটারি ডা. মাহমুদ হোসেন বকাউল।

এ সময় প্যানেল আলোচকরা ডায়াবেটিসকে ‘মাদার অব অল ডিজিজেস’ এবং ‘সাইলেন্ট কিলার’ হিসেবে উল্লেখ করে বলেন, সংক্রামক রোগ থেকে মুক্তি মিললেও অসংক্রামক রোগ বানের মতো ছড়িয়ে পড়ছে। তাদের মতে, ডায়াবেটিসের মতো রোগে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম ও সাশ্রয়ী; কারণ ডায়াবেটিসের জটিলতা শুরু হলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসার বড় অংশজুড়ে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন।

আলোচকরা জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অন্যতম লক্ষ্য কিডনি। ডায়াবেটিসে আক্রান্তদের ৭ থেকে ১০ বছরের মধ্যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা অনেক সময় অজানা থেকে যায়। ডায়ালাইসিস নির্ভর কিডনি রোগীদের ৫০ শতাংশেরই কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা গেলে কিডনি রোগীর চাপ কমানো সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা সবাই স্ট্রেসফুল লাইফ লিড করছি, যা আমাদের শরীরের সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছে। এতে ডায়াবেটিসের মতো রোগগুলো হচ্ছে। বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ভয়াবহ তথ্য হচ্ছে— এর মধ্যে ১০০ জনে ৪৩ জনই জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশেও প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছেন, যাদের বড় অংশই জানেন না তিনি ডায়াবেটিসে আক্রান্ত।

তিনি জানান, ডায়াবেটিসের দুটি গুরুতর সমস্যা আছে। একটা হচ্ছে যে মানুষ জানে না তার ডায়াবেটিস আছে, দ্বিতীয়ত যারা জানে তারাও স্ট্রেসফুল লাইফ লিড করে; ঠিকমতো ওষুধ নিতে পারে না। এই পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। ফলে অনিয়মিত রোগীদের শনাক্ত করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, এখন গ্রামেও প্রচুর মানুষের ডায়াবেটিস হচ্ছে। একদম গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে এই রোগ। সে জন্য সচেতনতামূলক প্রোগ্রাম এবং সনাক্ত করে কাউন্সেলিং করার প্রয়োজন আছে। কমিউনিটি স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরীক্ষার ব্যবস্থা করা জরুরি। আমাদের ডায়াবেটিস হওয়ার আগেই ডায়াবেটিস নিয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, দেশে খেলার মাঠ নাই, শিশুরা খেলতে পাচ্ছে না। এদিকে খাদ্যে ভেজাল। এ বিষয়গুলোর দিকে সরকারের নজর দিতে হবে। এক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও অ্যাড্রেস করতে হবে।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে
  • ২৪ নভেম্বর ২০২৬
মহাকাশ শাসনের করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ইউরোপ 
  • ২৪ নভেম্বর ২০২৬
রিভিউ খারিজ, প্রাথমিকের ১৫১ জনের নিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ রায় প…
  • ২৪ নভেম্বর ২০২৬
যে কারণে সফর স্থগিত করে দেশে ফিরছেন জামায়াতে আমির
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্র…
  • ২৪ নভেম্বর ২০২৬
নিজের প্রোফাইল ছবি নিয়ে মারদিয়া মমতাজের মুগ্ধতা
  • ২৪ নভেম্বর ২০২৬