রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপ ও এনডিএফের লোগো © টিডিসি সম্পাদিত
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি (মাতৃ-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম’ (এনডিএফ)।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। একই সঙ্গে কার্যালয় ভাঙচুর ও লুটপাটের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক। কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর এমন আক্রমণ সরাসরি সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকে ক্ষুণ্ন করে।
সংগঠনটি উল্লেখ করে, বৃহস্পতিবার দিবাগত রাতে বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টারে হামলা চালিয়ে সরকারি টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র কোনো ধরনের রাজনৈতিক দখলদারিত্ব বা মব-তৎপরতার ক্ষেত্র হতে পারে না উল্লেখ করে সংগঠনটি জানায়, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানানো হয়।