ডা. সুরাইয়া ইয়াসনূর © সংগৃহীত
ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ার অভিযোগ তুলে এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আয়া আমেনা বেগম (৪৮)। তবে এমন ঘটনা অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের ওই ক্লিনিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আমেনা বেগম জেলা সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা। তিনি এক বছরের বেশি সময় ধরে ওই হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। অপর দিকে অভিযুক্তরা হলেন ডা. সুরাইয়া ইয়াসনূর ও নাজমা বেগম।
থানায় দেওয়া অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেছেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত দায়িত্ব অনুযায়ী হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের মহিলাদের অপারেশন থিয়েটারে কাজ করছিলেন। সে সময় ২ নম্বর অভিযুক্ত নাজমা বেগম ভেতরে থাকা এক রোগীকে সিজারিয়ান অপারেশন করার কথা বললে রোগীর স্বজনরা স্বাভাবিকভাবে সন্তান প্রসবের বিষয়টি তোলেন এবং এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাজমা বেগম ওই ঘটনার বিষয়ে ১ নম্বর অভিযুক্ত ডা. সুরাইয়া ইয়াসনূরের কাছে আমেনার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেন।
এরপর ডা. সুরাইয়া ইয়াসনূর আমেনাকে সন্দেহ করে অন্য একটি অপারেশন থিয়েটারে যান এবং কিছুক্ষণ পর নাজমা বেগমের মাধ্যমে আমেনাকে সেখানে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছামাত্র ডা. সুরাইয়া ক্ষিপ্ত হয়ে আমেনাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন এবং হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাথা ও ডান চোখে সজোরে আঘাত করেন, যাতে তার ডান চোখে জখম হয়। এ সময় কিল, ঘুষি ও লাথির আঘাতে আমেনা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।
পরে এই ঘটনার সাক্ষীরা তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আমেনা বেগম গণমাধ্যমকে বলেন, ওটিতে গিয়ে আমি বিছানা লাগাচ্ছি। এ সময় নাজমা এক রোগীকে বলছে সিজারে ঢুকতে। কিন্তু ওই মহিলা বলছে যে, ‘না আমি সিজারে যামু না, আমি নরমাল ডেলিভারি দিয়া যামু।’ মহিলার সাথে অনেক তর্ক করে সুরাইয়া ম্যাডামের সাথে নাজমা চইলা গেল ওটিতে। গিয়ে ম্যাডামকে আমার নামে উল্টাপাল্টা বলেছে। বলার সাথে সাথে আমাকে সিস্টার দিয়ে ওটিতে ডেকে নিয়ে বলছে, ‘তুই রোগীরে কী কইছস? তুই সিজার করতে চাস না কেন?’
ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, আমি বলেছি যে, ‘আমি রোগীরে কিছুই বলি নাই। রোগী আমারে চিনে না, আমিও রোগীরে চিনি না। আমি কোনো কিছু বলি নাই।’ এই কথা কওয়ার সাথে সাথে সে আমাকে দেওয়ালে ঠেলে ধরে ইচ্ছেমতো মারধর করেছে। এতে আমার কপাল ফুলে গেছে এবং হাতে দাগ ও ফুলে আছে।
ভুক্তভোগী আমেনা বেগম আরও বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমার ম্যানেজারের কাছে বিচার দিবে, আমার মালিকের ঘরে বিচার দিবে; কিন্তু আমার গায়ে হাত তোলার কোনো অধিকার নাই তার। আমি তার চাকরি করি না। সে আমাকে বেধড়ক মারধর করেছে।
তিনি বলেন, আমি একটা গরিব মানুষ। চাকরি করে খাই। আমার স্বামী নাই, কেউ নাই। আমি দুই দিন সদর হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখনো মাথার ব্যাথায় উঠতে পারি না। আমি ন্যায্য বিচার চাই।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বক্তব্য পাওয়া যায়নি। আস-সুন্নাহ জেনারেল হাসপাতালের ম্যানেজার মেহেদি হাসান নবাব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের কাছে সিসিটিভি রেকর্ডসহ সব ধরনের প্রমাণ রয়েছে। মূলত হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
জানতে চাইলে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট এসআই (উপপরিদর্শক) এটি তদন্ত করছেন।