‘ডাক্তার’ পদবি ছাড়াই চিকিৎসাসেবা দিতে পল্লি চিকিৎসকদের আহ্বান এমপি টিপুর

২২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ PM
কথা বলছেন ডা. ইকরামুল বারী টিপু

কথা বলছেন ডা. ইকরামুল বারী টিপু © সংগৃহীত

নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করার সীমাবদ্ধতা মেনে নিয়েই দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। পাশাপাশি জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শও দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ হলরুমে ৬০০ পল্লি চিকিৎসকের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে পল্লি চিকিৎসকেরা বিশেষ ভূমিকা পালন করেন। তবে যে রোগের চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে, কেবল সেই রোগেরই চিকিৎসা দিতে হবে। জটিল বা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হবে।

পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে ‘ডাক্তার’ লেখা নিষিদ্ধ। আইন ও সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ না লেখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে আইনি কোনো পরিবর্তন এলে তখন বিষয়টি বিবেচনা করা যাবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মকে।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ মাহবুব-উল আলম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে ফার্মেসি মালিকদের কড়া নির্দেশ…
  • ২২ নভেম্বর ২০২৬
যেসব ভুলে তাৎক্ষণিক বাতিল হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার…
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুলের ভর্তি পরীক্ষা তিন গ্রুপে, শুরু ১৭ ডিসেম্বর
  • ২২ নভেম্বর ২০২৬
স্মৃতিশক্তি ফেরাতে কার্যকর স্প্রে বানালেন বিজ্ঞানীরা, যেভাব…
  • ২২ নভেম্বর ২০২৬