ডিএমসি লিভার ফেস্টে বিশেষজ্ঞরা

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম

২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ PM
ডিএমসি লিভার ফেস্ট

ডিএমসি লিভার ফেস্ট © সংগৃহীত

দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি আরও বাড়বে।

লিভার রোগের এই চিত্র উঠে এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ। 

শনিবার (২৪ অক্টোবর) কলেজের মিলন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষজ্ঞরা সব তথ্য তুলে ধরেন। 

লিভার ফেস্টের বৈজ্ঞানিক সেশনে অংশ নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রায় ৮৫ লাখ মানুষ। হেপাটাইটিস সিসহ অন্যান্য লিভার রোগেও আক্রান্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। সব মিলিয়ে দেশে প্রায় পাঁচ কোটি মানুষের লিভার রোগের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম প্রয়োজন। কিন্তু এ জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তিনি বলেন, একসময় দীর্ঘমেয়াদি লিভার রোগের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি ও সি ভাইরাস। 

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনও অস্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভাব, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাস ভবিষ্যতে লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের নানা জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়া পরিচালনায় এর ভূমিকা রয়েছে। কিন্তু লিভারের রোগ অনেক সময় শুরুতে স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ বি এম শাকিল গনি লিভার রোগের চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একটি লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন তিনি। 

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সরকারি হাসপাতালগুলোতে লিভার প্রতিস্থাপন চালুর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, লিভার রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সহযোগিতা করবে। সরকারি হাসপাতালগুলোতে এ সেবা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবারে ব্যাংকের সাপ্তাহিক ছুটি বাদ দেওয়ার দাবি
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চ…
  • ২৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু 
  • ২৪ অক্টোবর ২০২৬
হার্ট অ্যাটাকের ২–৫ বছর আগেও দেখা দিতে পারে যে লক্ষণ
  • ২৪ অক্টোবর ২০২৬
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস…
  • ২৪ অক্টোবর ২০২৬
শীত কবে থেকে শুরু, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২৪ অক্টোবর ২০২৬