বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট
ভুক্তভোগী অন্তু বিশ্বাস © সংগৃহীত ও সম্পাদিত
বরিশালের বেসরকারি আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে পুলিশ দিয়ে তুলে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনা ঘটে। নিজ প্রতিষ্ঠানেই অবস্থান কর্মসূচিতে তার ওপর হামলার একদিন পর ঘটল এই ঘটনা। এর আগে গতকাল তাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেন একজন ‘কর্মচারী’। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ছাত্র অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। ইনস্টিটিউটটির ২০০ শিক্ষার্থীর কাছ থেকে অন্তত ২৪ লক্ষ টাকায় আত্মসাতের প্রতিবাদ করায় গত কয়েকদিন আগে ছাত্রত্ব বাতিল করা হয়েছে তার।
২৪ লক্ষ টাকা হাতিয়ে নিতে মরিয়া কলেজ প্রশাসন
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ বাবদ জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা আদায় করছিল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষ। ওই অর্থ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে তাদের জানানো হয়েছিল। কিন্তু সেখানে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, এই ভুয়া তথ্য দিয়ে তাদের অর্থ হাতিয়ে নিচ্ছিল কলেজ কর্তৃপক্ষ। পরে তারা আন্দোলন শুরু করেন।
এরই মধ্যে গত ১৭ মে অভিযোগের বিষয়ে একটি তদন্ত শুরু করেন বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন। আদালতের স্বপ্রণোদিত মামলা দিলে অর্থ সমন্বয় করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ থেকে গত ২ নভেম্বর অন্তু বিশ্বাসকে বহিষ্কার করা হয়। এ থেকে মারধর ও হয়রানির সূত্রপাত।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তুর একজন সহপাঠী শুক্রবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজ কর্তৃপক্ষ ২০২৪ সালেও সব শিক্ষার্থীর থেকে ১২ হাজার টাকা করে নিয়েছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে। বলা হয়েছিল, এটা হাসপাতালে দেওয়া লাগে। ওই সময় প্রথমবার আমরা যখন জানতে পারি, তখন আমাদের কলেজে আন্দোলন হয়। পরে কলেজ প্রশাসন আমাদের আশ্বস্ত করে যে টাকাটা সমন্বয় করা হবে। কিন্তু আর সমন্বয় করেনি।
তিনি বলেন, তারপর চলতি বছর ২৩ এপ্রিল আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ বলে যে এটা হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে টাকাটা আপনাদের কাছে দেওয়া হয় কিনা? ওনারা বলে যে ওনারা কোনো অর্থ নেন না। তখন আমরা শিওর হয়ে গেছি যে মিথ্যা বলে আমাদের থেকে অর্থ নেওয়া হচ্ছে। তারপর আমরা আবার আন্দোলন শুরু করি। এর পরিপ্রেক্ষিতে কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা করে কলেজ কর্তৃপক্ষের নামে। ফলে আমাদের টাকা সমন্বয় করতে বাধ্য হয়।
হয়রানির শুরু
অন্তু বিশ্বাসের সহপাঠী বলেন, কলেজ কর্তৃপক্ষ যখন টাকা সমন্বয় করার নোটিস দেয়, তখন এমনও বলে যে শিক্ষার্থীদের কোনো হ্যারাসমেন্ট করবে না। কিন্তু গত ৮ তারিখ আমাদের ফর্ম ফিলআপের শেষ দিন অন্তু বিশ্বাস গেলে কলেজ কর্তৃপক্ষ বলে যে ওর ফর্ম নেবে না। কারণ তার স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। প্রথমে এর স্বপক্ষে কোনো কাগজ ওনারা দিতে চায়নি। তারপর আমরা শিক্ষার্থীরা সবাই যাই, জানতে চাই যে কী কারণে বাতিল করা হয়েছে? তখন ওনারা গত ২ তারিখের ইস্যু করা একটা নোটিস আমাদের ধরিয়ে দেয়, যেটা আগে জানানো হয়নি।
এই হয়রানির পর শিক্ষার্থীরা ঊর্ধ্বতন অনেকের কার্যালয়ে গিয়েছেন বলে দাবি এই শিক্ষার্থীর। তিনি বলেন, এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ আর শিক্ষার্থীদের ফোন ধরে না, এমনকি ১০ দিন যাবত কলেজ বন্ধ থাকে। গতকাল যখন কলেজ খোলা হয়, অন্তু বিশ্বাস একক অবস্থান কর্মসূচি পালন করে তার হয়রানির প্রতিবাদে। সেখানে কলেজ কর্তৃপক্ষের একজন ওকে মারধর করে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, শুনেছি উনি (মারধরকারী) নাকি ফিন্যান্সের কেউ একজন, নাম মোহাম্মদ রাজীব। অন্তুর বাবা যখন ঘটনা জানতে পেরে সেখানে যায়, তার গায়েও হাত তোলা হয়।
পুলিশি হয়রানির বিবরণ দিয়ে তিনি বলেন, আজকে বিকেল সাড়ে ৩টার সময় ওকে পুলিশ তদন্তের নাম করে বাসা থেকে নিয়ে যায়। প্রথমে বলেছিল থানায় নিয়ে যাবে, কিন্তু থানায় নেওয়া হয়নি। ওখান থেকে বলে যে কোর্টে নিয়ে যাবে। কোর্টে গেলাম আমরা সবাই। পরে কোর্টেও পায়নি। কোর্ট থেকে বলে যে বিভাগীয় কমিশনারের ওখানে। ওখানেও গেলাম, নাই। মানে আমাদের ঘুরিয়েছে, অনেক হ্যারাসমেন্ট করেছে। আমরা এখান থেকে এখানে গিয়েছি, ওখানে গিয়েছি। তারপর আবার পুলিশ আমাদের জানায় যে— ‘ও হসপিটালে চলে গেছে, হসপিটাল থেকে আমরা আবার থানায় এনেছি। আমরা থানায় আসি, পুলিশ ওকে নিয়ে আসে। ওনারা হ্যারাসমেন্টের জন্য আমাদের কাছে ক্ষমাও চেয়েছে।
ভুক্তভোগী অন্তু বিশ্বাসের এই সহপাঠী বলেন, আমাদের দাবি হলো ওর স্টুডেন্টশিপটা যেন পুনর্বহাল করে। একই সাথে আমাদের সামনে যে আরও অনেক ধাপ আছে, ওই ধাপে যেন ওকে বা আমাদের কোনো শিক্ষার্থীকে হ্যারাস না করে।
নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। নার্সিং শিক্ষার্থীদের দুটি জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে।
বিডিএসএনইউর বিবৃতিতে ৫ দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো—৪৮ ঘণ্টার মধ্যে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বহাল করে সামনের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা; হামলার ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং তার ওপর হওয়া সব অন্যায়ের সুষ্ঠু বিচার নিশ্চিত করা; তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে; ছাত্রত্ব বাতিলের পেছনে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন এমন হয়রানি, বৈষম্য ও সহিংসতার শিকার না হয়, সে জন্য কলেজ ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
এদিকে ইতোমধ্যেই আগামী শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএনএমসি) স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে বিবিজিএসএনএ। একই সাথে ৫ দফা দাবি জানিয়েছে এই সংগঠনটিও। এগুলো হলো— অন্তু বিশ্বাসের ওপর ন্যক্কারজনক হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং তার সার্বিক নিরাপত্তা প্রদান করা; তার বিরুদ্ধে গৃহীত প্রতিহিংসামূলক ও অবৈধ ছাত্রত্ব বাতিলের আদেশ অবিলম্বে প্রত্যাহার করা এবং তার ফরম পূরণের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা; গত ৯ নভেম্বর থেকে চলা অঘোষিত বন্ধ প্রত্যাহার করে অবিলম্বে ডিডব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসআইবি নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাস খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করার জন্য কর্তৃপক্ষকে প্রকাশ্যে জবাবদিহি করা; কোর্স ফি নেওয়ার পরও ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণে অবহেলা বন্ধ করে দ্রুত নিয়মিত ও মানসম্মত একাডেমিক কার্যক্রম চালু করা; এবং ন্যায্য ও যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর ফরম পূরণ, ইন্টার্নশিপ বা পরীক্ষায় ফেল করানোর হুমকি এবং যেকোনো ধরনের হয়রানি চিরতরে বন্ধ করা।
সংগঠনটির সভাপতি আসিফ নাদিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা জানতে পেরেছি যে অন্তু বিশ্বাসের ব্যাচমেটদের একটি অংশকে ওর বিপক্ষে উসকে দিয়েছে কলেজ প্রশাসন। আমাদের নার্সিংয়ে এই ধরনের হয়রানিগুলো অনেক বেশি ঘটে যে স্টুডেন্টকে ফেল করে দেওয়া বা ভয় দেখায়া চাপে রাখা। আর ওটা তো বেসরকারি নার্সিং কলেজ, কর্তৃপক্ষ যা বলবে সেটাই। আমরা চাই অন্তু বিশ্বাসের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং সবার জন্য পড়াশোনার একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নার্সরাও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। নার্স টক এডুকেশন নামে অনলাইনভিত্তিক একটি কোচিংয়ের পরিচালক মাহফুজুর রহমান অনিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন রেখে লিখেছেন, ‘কলেজের অনিয়মের প্রতিবাদ করে ছাত্রত্ব হারানো নার্সিং শিক্ষার্থী অন্তুকে আজ পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে। ওর অপরাধের লিস্টটা জানতে চাই। কলেজ কতৃপক্ষ ক্লিয়ার করুক ওর কী অপরাধ।দেখলাম এক ব্যাক্তি সিড়ি থেকে ওরে ধাক্কা দিয়ে ফেলায় দিলো। ধরলে পুলিশ ওরে ধরবে, অন্তকে কেন? ও কি কর্মকাণ্ডে জড়িত? ওর স্টুডেন্টশিপ বাতিল হল কেন আর পুলিশ তুলে নিয়ে যাওয়ার মত কী অপরাধের সাথে সে জড়িত?’
যা বলছে পুলিশ প্রশাসন
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট এবং ডিডব্লিউএফ নার্সিং কলেজ একই মালিকানাভুক্ত প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে কলেজ অধ্যক্ষ মমতাজ বেগমও আইএসিআইবির নথিপত্রে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির পৃথক কোনো ভবনও নেই, ক্লাস থেকে প্রশাসনিক সব কার্যক্রম চলে একই ভবনে। দুটি প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান ও পরিচালক একই ব্যক্তি।
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলসহ এ সংক্রান্ত তথ্য জানতে কলেজ অধ্যক্ষ মমতাজ বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্তু বিশ্বাস তাদের শিক্ষার্থী নন, আইএসিআইবির শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ও পরিচালক মো. জহিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল কেটে দিয়েছেন।
জানতে চাইলে বিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মূলত গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে অন্তুকে মারধরের, সেটি দেখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ স্বপ্রণোদিতভাবে তাকে ডেকে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে শুনে যদি কোনো অসহায়ত্ব থাকে, সেক্ষেত্রে কোর্ট ওর পক্ষে দাঁড়াবে— এটি ছিল কোর্টের উদ্দেশ্য।
তিনি বলেন, মূলত এই ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় কোনো ধরনের অভিযোগ আসেনি। পরে কোর্ট ওর কাছ থেকে সবকিছু শোনার পরে দেখে যে না, ঘটনা কোনো গুরুতর কিছু না। সেজন্য কোর্টও তেমন কোনো উদ্যোগ নেয়নি। কোর্ট আজকে শুধু শুনেছে, কারণ এই বিষয়টা আগেও একবার দেখেছে, এজন্য ডেকেছিল।
আদালতে হাজির করার জন্য কোনো নোটিশ জারি হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আজ শুক্রবার, স্পেশাল কোর্ট; কোনো নোটিশ হয়নি। এসিএমএম মূলত আমাকে সকালবেলা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে অন্তু বিশ্বাসকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি একটা ম্যাসেজ আর ভিডিওটা পাঠিয়ে বলেছেন যে বিকেলে কোর্টে আসতে বলবেন। আমরা তাকে মুখে বলেছি, ও থানায় এসেছে, আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি।
হয়রানির অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, অন্তু বিশ্বাসের বন্ধুরা যখন কোর্টে আসে, তখন সে আমাদের না বলেই মেডিকেলে চলে গিয়েছিল। ওর শুভাকাঙ্ক্ষীদেরও বলেনি। তখন ওর শুভাকাঙ্ক্ষীরা এক রকম পাগল হয়ে গেছে। ওদের অভিযোগ, তাহলে কি পুলিশ গুম করে ফেলল কিনা? অ্যারেস্ট করল কিনা? ওরা অনেক বড় একটা প্রতিবাদ করে ফেলেছে, মিছিলও করেছে থানার সামনে। আমি এসে ওদেরকে যখন বুঝিয়ে বলেছি, তখন মিস্টেকটা ওরা বুঝতে পেরেছে।