রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো

২১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ AM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ AM
মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ও ভালো ঘুম অত্যন্ত জরুরি

মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ও ভালো ঘুম অত্যন্ত জরুরি © সংগৃহীত

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ও ভালো ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের অভাবে মনোযোগ কমে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া এবং দৈনন্দিন কাজে ক্লান্তি অনুভব করার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ঘুমের সমস্যা চলতে থাকলে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকিও বাড়তে পারে। তবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ঘুমের মান উন্নত করা সম্ভব।

চিকিৎসকদের মতে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঘুমের আগে মানসিক চাপ কমানো এবং শোবার ঘরের পরিবেশ আরামদায়ক রাখা ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে ঘুমের অভ্যাসেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান
প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। ছুটির দিনেও এই সময়সূচি মেনে চলার চেষ্টা করুন। এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে সাহায্য করে। ফলে সহজে ঘুম আসে এবং সকালে ঘুম থেকে ওঠাও সহজ হয়।

ঘুমের আগে তৈরি করুন আরামদায়ক রুটিন
ঘুমানোর আগে এমন কিছু অভ্যাস গড়ে তুলুন, যা শরীর ও মনকে শান্ত করে। এ সময় বই পড়তে পারেন, উষ্ণ পানিতে গোসল করতে পারেন কিংবা গভীর শ্বাস নেওয়া ও ধ্যানের মতো শিথিল হওয়ার কৌশল অনুশীলন করতে পারেন। চাইলে প্রশান্তিদায়ক গানও শুনতে পারেন।

শোবার ঘর রাখুন আরামদায়ক
ভালো ঘুমের জন্য শোবার ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ। ঘর যতটা সম্ভব ঠান্ডা, অন্ধকার ও নীরব রাখুন। আরামদায়ক বিছানা ব্যবহার করুন। বাইরের আলো কমাতে পর্দা এবং শব্দের সমস্যা থাকলে ইয়ারপ্লাগ ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন।

ঘুমানোর আগে মোবাইল ও অন্যান্য স্ক্রিন এড়িয়ে চলুন
স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের পর্দা থেকে নির্গত নীল আলো শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে এসব ডিভাইস ব্যবহার বন্ধ রাখার চেষ্টা করুন। প্রয়োজনে ডিভাইসে নাইট মোড বা নীল আলো কমানোর ফিল্টার ব্যবহার করতে পারেন।

খাবার ও পানীয় গ্রহণে সতর্ক থাকুন
ঘুমানোর আগে ভারী খাবার, ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো ঘুমের স্বাভাবিক ধারায় ব্যাঘাত ঘটাতে পারে। ক্ষুধা লাগলে হালকা খাবার খেতে পারেন। পাশাপাশি দিনের বেলায় পর্যাপ্ত পানি পান করুন। তবে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যা এড়াতে ঘুমানোর আগে অতিরিক্ত তরল পান না করাই ভালো।

দিনের বেলায় শারীরিকভাবে সক্রিয় থাকুন
নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। সপ্তাহের বেশির ভাগ দিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করার চেষ্টা করুন। তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকুন। কারণ এতে শরীর অতিরিক্ত সক্রিয় হয়ে ঘুম আসতে দেরি হতে পারে।

মানসিক চাপ ও উদ্বেগ কমান
মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই ঘুমানোর আগে মন শান্ত রাখার চেষ্টা করুন। এ জন্য ধ্যান, গভীর শ্বাস নেওয়া, পেশি শিথিল করার ব্যায়াম কিংবা ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন। এসব চর্চা মনকে শান্ত করতে এবং ঘুমের প্রস্তুতি নিতে সাহায্য করে।

দিনের বেলায় দীর্ঘ সময় ঘুমাবেন না
দিনের বেলায় অল্প সময় ঘুমানো কারও কারও জন্য উপকারী হতে পারে। তবে দীর্ঘ সময় বা বিকেলের দিকে ঘুমালে রাতের ঘুমে সমস্যা হতে পারে। তাই দিনের বেলায় ঘুমানোর প্রয়োজন হলে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখুন। সম্ভব হলে দিনের প্রথম ভাগে ঘুমানোর চেষ্টা করুন।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন
ঘুমের অভ্যাস পরিবর্তনের পরও যদি অনিদ্রা বা অন্য কোনো ঘুমের সমস্যা চলতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার কারণ শনাক্ত করে উপযুক্ত চিকিৎসার পরামর্শ দিতে পারেন। অনিদ্রার ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি-আই) অথবা প্রয়োজন অনুযায়ী ওষুধের পরামর্শ দেওয়া হতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
ঘুমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কিংবা তা দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে কয়েক সপ্তাহ বা মাস ধরে ঘুমাতে সমস্যা হওয়া, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া কিংবা সকালে ঘুম থেকে উঠেও ক্লান্তি অনুভব করা অবহেলা করা উচিত নয়।

এ ছাড়া ঘুমের মধ্যে অতিরিক্ত নাক ডাকা, শ্বাস নিতে কষ্ট হওয়া বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এগুলো স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে।

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
পাঁচ দফা দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি
  • ২১ নভেম্বর ২০২৬
খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage