মাশরাফি ও রাশেদ খাঁন © সংগৃহীত ও সম্পাদিত
নড়াইলে বিএনপির দুই নেতাকে খুনের অপরাধে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁন বলেন, একজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আমাদের আবেগ ও ভালোবাসার নাম ছিল। আমরা ছোটবেলা থেকে তার খেলা দেখে বেড়ে উঠেছি। অথচ নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় দুইজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলবো, এখনো পর্যন্ত কেন ওই খুনিকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই?
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককে গ্রেফতার করা না হলেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ডামি শিক্ষামন্ত্রী’ নাহিদ এবং প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগের বাকি যেসব নেতাকর্মী ও ‘চেলা-চামুণ্ডা’ পালিয়ে আছে, তাদেরও গ্রেফতার করে উচিত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ১৪শ-এর অধিক মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘ স্বীকৃত যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ও এনসিপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগের প্রেতাত্মাদের উচিত জবাব দেবে। বাংলাদেশে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে—হোক সে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী কিংবা তথাকথিত ভালো বা সুশীল আওয়ামী লীগ—এগুলো দেখার সময় নেই। সব আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিতে হবে।