বাংলাদেশ জামায়াতে ইসলামী © সংগৃহীত
প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর একদিন পর তার সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের দেওয়া ফেসবুক পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, প্রয়োজন রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বিবৃতে বলা হয়, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর একদিন পর তার সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’- এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাক্সিক্ষত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী। তিনি কী বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুখপাত্র? যদি না হন, তাহলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তাঁকে কে দিয়েছে দেশবাসী তা জানতে চায়। বিএনপিকে এ বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বানের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
বিবৃতে আরও বলা হয়, জাতীয় ঐক্যের কথা বললে হুমকি, প্রতিশোধ ও আধিপত্যের ভাষা পরিহার করতে হবে। একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হিসাব মেলানোর’ হুমকি- এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, ঐক্যের আহ্বান কী সত্যিই আন্তরিক, নাকি এর আড়ালে রাজনৈতিক চাপ সৃষ্টি ও বিরোধী মতকে দমনের চেষ্টা চলছে?
হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাসও স্মরণ রাখতে হবে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে।
তিনি বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়; আমাদের এগোতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার এবং তাদের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব। এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে। জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়।
ড. আযাদ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাক্সক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে।
আমরা বিএনপির কাছে স্পষ্ট বক্তব্য চাই- প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের এই বক্তব্য কি সরকারের অবস্থান, নাকি ব্যক্তিগত বক্তব্য? জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক এমন বক্তব্যের দায় বিএনপি এড়াতে পারে না।
তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, হুমকি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে আসুন। মনে রাখতে হবে, ঐক্যের কথা বলে হুমকি দেওয়া যায় না; সহযোগিতার ইতিহাস অস্বীকার করে ভবিষ্যতের সম্পর্ক গড়া যায় না। প্রতিশোধ নয়, প্রয়োজন ন্যায়বিচার; আধিপত্য নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান; কথার ঐক্য নয়, প্রয়োজন গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে কার্যকর জাতীয় ঐক্য।