‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজিবাইক

২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ PM
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল। © টিডিসি ছবি

যৌবনের ২০টি বছর কাটিয়েছেন রাজপথের আন্দোলন-সংগ্রামে। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই দশক নেতৃত্ব দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের। রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা-হামলা ও নির্যাতনের মুখেও ছাড়েননি দল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে হয়েছে সাতটি মামলা। একপর্যায়ে পরিবার নিয়ে ছাড়তে হয়েছে নিজ এলাকা। অথচ রাজনৈতিক জীবনের সেই দীর্ঘ ত্যাগের পর এখন জীবিকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল।

হাসিনা সরকারের আমলে হামলা-মামলার মুখে জীবন নিয়ে শঙ্কায় পড়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর এলাকা ছাড়তে বাধ্য হন মুকুল। বর্তমানে যশোরের টালিখোলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। ২০১৮ সাল থেকে যশোর শহরের রাস্তায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সাবেক এই ছাত্রনেতা।

দীর্ঘদিন ইজিবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় ভেঙে গেছে তাঁর কোমর ও মেরুদণ্ডের হাড়। গুরুতর শারীরিক সমস্যায় ভুগলেও অর্থাভাবে করাতে পারেননি প্রয়োজনীয় চিকিৎসা। প্রতিদিনের উপার্জনের প্রায় পুরোটাই ব্যয় করেন সন্তানদের পড়াশোনায়। বড় ছেলে সাজিদ হাসান রিফাত (রিয়ান) সরকারি এমএম কলেজে ইংরেজি বিভাগে অনার্স করছেন। ছোট ছেলে সোয়াদ হাসান রাফিন পড়ছে পুলিশ লাইনস স্কুলের অষ্টম শ্রেণিতে।

রাজনৈতিক অঙ্গনে সৎ ও আদর্শবান নেতা হিসেবে পরিচিত মুকুলের আত্মমর্যাদাবোধ এখনো অটুট। ইজিবাইক চালিয়ে সংসার চালাতে কোনো সংকোচ নেই তাঁর। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ আর বর্তমান বাস্তবতার ব্যবধান তাঁকে কষ্ট দেয়। জীবনসংগ্রামের মধ্যেও তাঁর চাওয়া খুব বেশি নয়; বড় ছেলের একটি কর্মসংস্থান হলেই আবার নিজ এলাকায় ফিরে রাজনীতিতে সক্রিয় হতে চান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগী কণ্ঠে মুকুল বলেন, ‘ছাত্রদল আমাকে পরিচয় দিয়েছে। আমার পুরো যৌবন কেটেছে দলের পেছনে। ক্ষমতার রাজনীতি করিনি, কোনো অপকর্মে জড়াইনি। সব সময় সৎ পথে থেকেছি বলেই আজও মানুষ আমাকে ভালোবাসে। জীবন তো শেষই হয়ে গেল। দলের কাছে আমার ব্যক্তিগত কিছু চাওয়ার বা পাওয়ার নেই। শুধু বড় ছেলেটার একটা চাকরি হলে আবার গ্রামে ফিরে রাজনীতিতে নামার ইচ্ছা আছে।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মুকুলের ভক্তি ও ভালোবাসার কথাও উঠে আসে তাঁর স্মৃতিচারণে। তিনি জানান, ছেলের প্রাইভেট পড়ানোর জন্য জমানো সামান্য টাকা নিয়ে ঢাকায় গিয়ে মরহুম বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন। সেই টাকা তাঁকে দিয়েছিল বড় ছেলে। বর্তমানে তাঁর সব স্বপ্নজুড়ে বড় ছেলের একটি স্থায়ী কর্মসংস্থান। ছেলের জন্য একটি সরকারি চাকরি প্রত্যাশা করেন তিনি।

মুকুলের রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, ‘মুকুল অত্যন্ত সৎ ও ত্যাগী একজন নেতা ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডজনখানেক মামলার খড়্গ নিয়ে তাকে এলাকা ছাড়তে হয়। এত কষ্টের মধ্যেও এখনো যশোর থেকে এসে দলের কর্মসূচিতে যোগ দেয়। মুকুলের মতো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার পরিবারের পাশে দলের দাঁড়ানো উচিত। তাঁর যোগ্য সন্তানটির একটি কর্মসংস্থান হলে পরিবারটির চরম দুর্দশা কিছুটা হলেও ঘুচবে।’

হামিদুল ইসলাম মুকুলের সময়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

এদিকে মুকুলের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহের বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁকে ডেকে নিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন। পাশাপাশি মুকুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর দুই ছেলের পড়াশোনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।

খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজি…
  • ২০ নভেম্বর ২০২৬
শুভ জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমান: ইতিহাসের অভিজ্ঞতা হো…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage