সাজ্জাদ আকিব (২৮)। © সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সাজ্জাদ আকিব (২৮)। শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সাজ্জাদ আকিব ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিবকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’