শীতে ত্বক ভালো রাখতে এখন থেকেই যা করবেন

১৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ PM
শীতে ত্বক ঠিক রাখতে করণীয়

শীতে ত্বক ঠিক রাখতে করণীয় © সংগৃহীত ছবি

শুরু হয়েছে শীতের মৌসুম। শ্রীমঙ্গল, দিনাজপুরসহ পুরো দেশেই আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করেছে। কমতে শুরু করেছে তাপমাত্রা, সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও কমছে। শীতের সময় আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকে। এ সময় অনেকের ত্বক শুষ্ক, খসখসে ও রুক্ষ হয়ে যায়। কারও কারও ত্বকে দেখা দেয় চুলকানি, লালচে ভাব। এছাড়া রয়েছে ফেটে যাওয়ার সমস্যাও। বিশেষ করে মুখ, হাত, পা ও ঠোঁটের মতো শরীরের খোলা অংশগুলোতে এ সমস্যা বেশি দেখা যায়।

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারে না। এর সঙ্গে অতিরিক্ত গরম পানিতে গোসল, দীর্ঘ সময় ধরে গোসল করা, ক্ষারযুক্ত সাবান ব্যবহার এবং ঘরের শুষ্ক পরিবেশ ত্বকের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তবে কিছু সহজ অভ্যাস ও নিয়মিত যত্নের মাধ্যমে শীতের শুরু থেকেই ত্বকের শুষ্কতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (এএডি) এবং যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ত্বকের শুষ্কতা কমাতে কয়েকটি কার্যকর পরামর্শ দিয়েছে।

নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
শুষ্ক ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বক থেকে পানি বেরিয়ে যাওয়া কমাতে ময়েশ্চারাইজার সাহায্য করে। গোসল বা মুখ ধোয়ার পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার লাগানো ভালো। এ সময় ত্বকে থাকা আর্দ্রতা ধরে রাখতে এটি সাহায্য করে। হাত ধোয়ার পর এবং বাইরে থেকে ঘরে ফিরে মুখ পরিষ্কারের পর ময়েশ্চারাইজার লাগানোর অভ্যাস করা উচিত। 

অতিরিক্ত গরম পানিতে গোসল এড়িয়ে চলুন
অনেকে শীতে গরম পানি ছাড়া গোসলই করতে পারেন না। গরম পানি দিয়ে গোসল করা সমস্যা না তবে অতিরিক্ত গরম পানি ত্বকের স্বাভাবিক তেল বা সুরক্ষামূলক স্তর নষ্ট করতে পারে। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির পরামর্শ অনুযায়ী, গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করা উচিত। গোসলের সময়ও ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত রাখা ভালো। গোসল শেষে তোয়ালে দিয়ে শরীর জোরে ঘষে মোছার পরিবর্তে আলতোভাবে চেপে পানি মুছে নিতে হবে। এরপর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগাতে হবে। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। 

সাবান ও ফেসওয়াশ ব্যবহারে সতর্ক থাকুন
সব ধরনের সাবান ত্বকের জন্য উপযোগী নয়। অতিরিক্ত সুগন্ধিযুক্ত সাবান, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান এবং শক্তিশালী ক্লিনজার ত্বকের স্বাভাবিক তেল কমিয়ে দিতে পারে। এতে শুষ্কতা ও চুলকানি বাড়তে পারে। তাই শীতের শুরু থেকেই ত্বক পরিষ্কারের জন্য মৃদু ও সুগন্ধিমুক্ত ক্লিনজার ব্যবহার করা ভালো। মুখ পরিষ্কারের ক্ষেত্রেও ত্বকের ধরন অনুযায়ী হালকা ফেসওয়াশ বেছে নেওয়া উচিত। 

ঠোঁট ও হাতের বিশেষ যত্ন নিন
শীতের শুরুতে ঠোঁট শুকিয়ে যাওয়া ও ফেটে যাওয়ার সমস্যা প্রায় সবারই হয়। ঠোঁটের ত্বক তুলনামূলক সংবেদনশীল হওয়ায় এ সময় বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। ঠোঁটের শুষ্কতা কমাতে নিয়মিত লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। ঠোঁট বারবার জিব দিয়ে ভেজানোর অভ্যাস পরিহার করতে হবে। কারণ এতে সাময়িক স্বস্তি মিললেও পরে ঠোঁট আরও শুষ্ক হয়ে যায়।

ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন
শুধু বাইরের আবহাওয়া নয়, ঘরের পরিবেশও ত্বকের শুষ্কতার কারণ হতে পারে। শীতকালে ঘরের বাতাস শুষ্ক হয়ে গেলে ত্বক থেকে আর্দ্রতা হারানোর প্রবণতা বাড়ে। বিশেষ করে হিটার বা অন্যান্য তাপের উৎস ব্যবহার করলে ঘরের বাতাস আরও শুষ্ক হতে পারে। এ সমস্যা কমাতে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। এটি বাতাসে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। রাতে ঘুমানোর সময় শোবার ঘরে হিউমিডিফায়ার চালু রাখা উপকারী হতে পারে।

ত্বকের সঙ্গে মানানসই পোশাক পরুন
শীত থেকে বাঁচতে গরম পোশাক পরা জরুরি। তবে পোশাকের কাপড়ও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। উল বা পলিয়েস্টারের মতো কিছু কাপড় সরাসরি ত্বকের সংস্পর্শে এলে সংবেদনশীল ত্বকে চুলকানি ও অস্বস্তি তৈরি করতে পারে। এ জন্য শরীরের সঙ্গে সরাসরি লাগানো পোশাক হিসেবে নরম সুতি কাপড় বেছে নেওয়া ভালো। 

শীতেও সানস্ক্রিন ব্যবহার করুন
অনেকেই মনে করেন, সানস্ক্রিন শুধু গরমকালেই ব্যবহার করতে হয়। কিন্তু শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই শীতের সময়ও বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। 

শুষ্ক ত্বকে চুলকানি হলে সতর্ক থাকুন
ত্বক শুষ্ক হয়ে গেলে চুলকানি হওয়া স্বাভাবিক। তবে চুলকানোর কারণে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। অতিরিক্ত চুলকালে ত্বক ফেটে যাওয়া এবং সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। চুলকানি কমাতে আক্রান্ত স্থানে পরিষ্কার ও ঠান্ডা ভেজা কাপড় কিছুক্ষণ ধরে রাখতে পারেন। পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় স্টেরয়েড বা চুলকানি কমানোর ক্রিম ব্যবহার করা ঠিক নয়। এসব পণ্যের কিছু উপাদান সংবেদনশীল ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। 

সমরাস্ত্রের মোকাবিলায় দুঃসাহসী ‘বাদশাহ’ তিতুর বাঁশের দুর্গ
  • ১৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭ দিনের মধ্যে বিশ্ববি…
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রত…
  • ১৯ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টাঙি…
  • ১৯ নভেম্বর ২০২৬
শীতে ত্বক ভালো রাখতে এখন থেকেই যা করবেন
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage