প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক। © সংগৃহীত

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিত ও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহি স্পষ্ট থাকতে হবে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিতভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে সরকার কাজ করছে।

এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান ববি হাজ্জাজ।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫ কর্মসূচিতে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রেমিডিয়াল এডুকেশন) এবং প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আরও জানান, আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে তাঁরা আগ্রহী।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

খাগড়াছড়িতে পার্কিং করা দুই গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা 
  • ১৯ নভেম্বর ২০২৬
সমরাস্ত্রের মোকাবিলায় দুঃসাহসী তিতুর বাঁশের দুর্গ
  • ১৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭ দিনের মধ্যে বিশ্ববি…
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রত…
  • ১৯ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টাঙি…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage