আগুনে পুড়ে যাওয়া দুই পিকআপ © সংগৃহীত
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে একটি পিকআপের ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। অন্য গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সেখান থেকে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে একটি গাড়ির আসনসহ ভেতরের অংশ পুড়ে গেছে। অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল দল দায়িত্ব পালন করছিল। এর মধ্যে মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর পুলিশ গাড়ির মালিককে খুঁজে পায়নি। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।