প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ছবি
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত হওয়ার পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি শুধু ব্যবহারের উপযোগী করে তুললে হবে না, উদ্ভাবনের জন্যও প্রস্তুত করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
তারেক রহমান বলেন, প্রযুক্তির যুগে তরুণরা সুযোগ পেলে তারাও উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবে। বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের তারুণেরা আকাশ জয় করতে পারবে।