অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন © সংগৃহীত
প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে কমিশনের একতরফা ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২১ নভেম্বর বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে কমিশন। তবে ভোটগ্রহণের শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের আগে প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। তাঁদের কেউ সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. রফিজুল হক বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে প্রায় ২ হাজার ভোটার ভোট দিতে পারেননি। ভোটারদের স্বার্থে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আমরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছি।’
তবে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এফ এম আর টি ৯৭ ব্যাচের সভাপতি প্রার্থী মো. ইফতেখারুল আলম। তিনি বলেন, কারিগরি ত্রুটির বিষয়ে কমিশনের আগেই সতর্ক হওয়া উচিত ছিল। তাঁরা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের আগে কমিশন তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।
বি বি এ ৯৫ ব্যাচের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল আহসান প্রিন্সও এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ২০ নভেম্বর রাতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক লিখিত প্রতিবাদপত্রে তিনি সময় বাড়ানোর সিদ্ধান্তকে একতরফা ও আপত্তিকর বলে উল্লেখ করেন।
প্রিন্স বলেন, ‘প্রকাশিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণের সময় ছিল ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, অথচ ভোটগ্রহণ প্রায় শেষ হওয়ার মুহূর্তে কমিশন প্রার্থীদের না জানিয়ে একতরফাভাবে সময় ১৫ ঘণ্টা বাড়িয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।’ তিনি বর্ধিত সময় প্রত্যাহার, সিদ্ধান্তের বিধিগত কর্তৃত্ব ও কারণ লিখিতভাবে জানানো এবং সব প্রার্থীর জন্য ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিজে কোনো কারিগরি সমস্যায় না পড়লেও নির্বাচনপ্রক্রিয়ার ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তিনি।
তবে কমিশনের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়েছেন আর্কিটেকচার ডিসিপ্লিনের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সভাপতি প্রার্থী খুরশীদ আলমেহের তন্ময়। তিনি বলেন, নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের যেকোনো সিদ্ধান্তের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে তিনি ব্যক্তিগতভাবে ভালো মনে করছেন।
এদিকে ভোটারদের সমস্যার কথা জানলেও সময় বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে অবহিত না হওয়ার কথা জানিয়েছেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফজলে রেজা সুমন। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছেন। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে কমিশন তাঁকে কারিগরি জটিলতার কথা জানায়। তবে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্তটি তাঁদের জানানো হয়নি।
সুমন আরও বলেন, ‘ভোট গ্রহণের নির্ধারিত সময়সীমা থাকা উচিত। তবে ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছি। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরে তাঁরা কারিগরি জটিলতার কথা জানান। কিন্তু হঠাৎ করে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত আমাদের জানানো হয়। এ বিষয়ে আমাদের আসলে কিছু বলার নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে নিতে হবে।’
তিনি জানান, বিভিন্ন সময়ে মৌখিকভাবে, ইমেইল ও বার্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে নানা অনুরোধ জানিয়েছেন তারা। সেসব অনুরোধ বিবেচনা করা হলে তারা সন্তুষ্ট হন, আর না হলে অপেক্ষা করা ছাড়া তাঁদের কিছু করার থাকে না।
সময় বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে গঠনতন্ত্রের বিধিগত ভিত্তির কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে, কয়েকজন প্রার্থী সিদ্ধান্ত গ্রহণের আগে তাঁদের সঙ্গে যোগাযোগ না করা এবং সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই ঘটনায় প্রার্থীদের ভিন্ন অবস্থান খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা তৈরি করেছে।