সেন্ট মার্টিনে আটকে পড়া তাজউদ্দীন আহমদ মেডিকেলের ১০ শিক্ষার্থী © সৌজন্যে প্রাপ্ত
একাডেমিক ছুটিতে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে আটকে পড়েছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ১০ জন শিক্ষার্থী। তিন দিনের ভ্রমণে যাওয়া এসব শিক্ষার্থী আজ শুক্রবার (২০ নভেম্বর) পঞ্চম দিনের মতো দ্বীপটিতে অবস্থান করছেন। দ্বীপ থেকে কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কবে নাগাদ ফিরতে পারবেন, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা।
জানা গেছে, ভ্রমণে যাওয়া পঞ্চম বর্ষের ওই ১০ জন মেডিকেলটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। সম্প্রতি লেকচার ক্লাস শেষ হয়েছে তাদের। এরই মধ্যে ব্লক পোস্টিং শুরু হওয়ার আগে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল কলেজ থেকে।
সেন্ট মার্টিন আটকে পড়া শিক্ষার্থী জাহিদ হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছুটিতে আমরা এখানে ঘুরতে আসছি। এখন জাহাজ চলাচল না করায় আমরা এখানে আটকা পড়ে গেছি। দ্বীপের আবহাওয়া ভালো থাকলেও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এ কারণে আমাদের আটকে রাখা হয়েছে।
দ্বীপরে পরিস্থিতি বর্ণনা করে শুক্রবার দুপুরে তিনি বলেন, দ্বীপের আবহাওয়া খুবই ভালো। এখানে কোনো সমস্যা নেই। এখন রোদ আছে, বাতাসও খুব বেশি একটা নেই, আকাশও মোটামুটি ক্লিয়ার। ঢেউও খুব একটা নেই, তেমন বৃষ্টিও হচ্ছে না। এজন্য মানুষজন আরও অস্থির হয়ে যাচ্ছে। সবাই রাগারাগি করছে যে শিপ ছাড়ে না কেন।
তিনি আরও বলেন, কবে নাগাদ ফিরতে পারব, এটা এখনো কনফার্ম না। আমরা ১৮ তারিখ প্রথম জানতে পেরেছি যে ১৯ তারিখ জাহাজ চলবে না। এরপর শুনলাম ২০ তারিখ চলবে না। জাহাজ না চললেও গতকাল স্পিডবোট চালু ছিল, ওটাও আজকে সকালে বন্ধ করে দিয়েছে। এখন শুনছি ২১ তারিখও জাহাজ চলবে না। এরকম একদিন পর পর রাত ১০টার পরে আমরা তথ্য পাচ্ছি।
প্রসঙ্গত, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিন দ্বীপে আরও দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়েছেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন রয়েছেন।
এ ছাড়া আটকে পড়াদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন আটকে থাকায় তাদের খাবারের বাজেটও প্রায় শেষ।
জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকা পড়েন।