ইউজিসি চেয়ারম্যান

এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে

২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ PM
ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ © সংগৃহীত

শিক্ষার্থীদের লেখালেখি থেকে শুরু করে শিক্ষকদের পাঠদান—শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। এতে একাডেমিক সততা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কাজের যথাযথ মূল্যায়ন নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ না করে এর দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতার গুরুত্ব অক্ষুণ্ন রাখতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা এখন লেখালেখিসহ বিভিন্ন কাজে এআইয়ের সহায়তা নিচ্ছে। ফলে প্রযুক্তি শ্রেণিকক্ষে প্রবেশ করবে কি না, সেই বিতর্কের সময় পেরিয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে এর দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা যায়। শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন এবং একাডেমিক সততা রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদ্ধতি খুঁজে বের করতে হবে।

একই সঙ্গে প্রযুক্তির সুবিধা যেন শুধু সচ্ছল ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। কম সুযোগ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যাতে এআইসহ আধুনিক প্রযুক্তির সুবিধা পায়, তা নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনের প্রতিপাদ্য ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব এখন দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি এবং শিক্ষকদের পাঠদানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনছে।

তিনি বলেন, পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গিতে শিক্ষা কেবল শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু এবং শিক্ষার পরিবেশও ওতপ্রোতভাবে জড়িত।

ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত হতে ইংরেজি ভাষায় দক্ষতা জরুরি। তবে শুধু ভাষাগত দক্ষতা অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও কার্যকর যোগাযোগের সক্ষমতাও গড়ে তুলতে হবে। সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও ধারণাগুলো বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ এবং শ্রেণিকক্ষের পাঠদানে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উচ্চশিক্ষার মান নিশ্চিত করাকে ইউজিসির অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষার্থী তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় কমিশন। একই সঙ্গে সমাজের প্রয়োজন মেটাতে সক্ষম গবেষণাকে উৎসাহিত করা হবে। এ জন্য প্রশিক্ষিত ও গবেষণামনস্ক শিক্ষক প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) ভূমিকারও প্রশংসা করেন তিনি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও বেল্টার যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়ক ছিলেন বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক ড. আখতার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ। সম্মেলনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ইবাদতের পর এবার শাস্তি পেলেন হৃদয়ও
  • ২০ নভেম্বর ২০২৬
শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন …
  • ২০ নভেম্বর ২০২৬
এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন তাজউদ্দীন আহমদ মেডিকে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বিএনপি পাওয়ারে গেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর হয়েছি’
  • ২০ নভেম্বর ২০২৬
‘কাফনের কাপড় রেডি রাখিস’— ওসিকে হুমকি
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage