ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত
বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে যাচ্ছে সরকার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৪০টি সরকারি ও ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষার কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়েও এ শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বহুজাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বাণিজ্য খাতেও দক্ষ জনবল তৈরি করা। তবে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের চাকরির সুযোগ কতটা বাড়বে, তা নিয়ে আগ্রহের পাশাপাশি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে।
তৃতীয় ভাষা শিখে কর্মসংস্থানের সুযোগ তৈরির একটি উদাহরণ মিয়াদ হোসাইন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। তার প্রধান বিষয় ছিল চীনা বা মান্দারিন ভাষা। দ্বিতীয় বর্ষে ওঠার পর বাংলাদেশের একটি চীনা প্রতিষ্ঠানে দোভাষী হিসেবে খণ্ডকালীন চাকরি শুরু করেন। পড়াশোনার পাশাপাশি ওই চাকরি থেকে প্রতি মাসে ৪০ হাজার টাকা উপার্জন করতে শুরু করেন তিনি।
বিবিসি বাংলাকে মিয়াদ হোসাইন বলেন, ‘শুরুর দিকে ছোট্ট বাচ্চার মতো এক দুই লাইন করে চায়নিজ ভাষা বলতে পারতাম। তারপর যখন দোভাষী হিসেবে কাজ শুরু করলাম, তখন দক্ষতা বাড়তে শুরু করল। এরপর আস্তে আস্তে যখন এই ভাষায় আরো বেশি দক্ষতা অর্জন করতে শুরু করলাম, তখন আমার বেতন আরো বাড়তে শুরু করল’।
খণ্ডকালীন চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন মিয়াদ। এরপর বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন। বর্তমানে চীন থেকে বাংলাদেশে মোবাইল যন্ত্রপাতি আমদানি করছেন তিনি। চীনা ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে এ ব্যবসা শুরু করেছিলেন। সেখানে বাংলাদেশে ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করলেও নিজের কোনো বিনিয়োগ করতে হয়নি বলে জানান তিনি।
মিয়াদ হোসাইন বলেন, ‘আমি শূন্য হাতে ব্যবসা শুরু করেছিলাম। শুধুমাত্র চীনা ভাষায় দক্ষতা অর্জন করেছি বলেই আমি এই সাপোর্টটা নিতে পেরেছি তাদের কাছ থেকে। এখন আমার কোটি কোটি টাকার বিজনেস চলছে’।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে ইংরেজি, চীনা, জাপানিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা চাকরির ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়াতে নতুন ভাষা শেখাকে গুরুত্ব দিচ্ছেন অনেকে। বিশেষ করে তরুণদের মধ্যে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার আগ্রহ বাড়ছে।
বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ও ইংরেজির বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পর প্রাথমিক পর্যায়েও তৃতীয় একটি ভাষা পাঠ্যক্রমে যুক্ত করা হবে। প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে এ শিক্ষা শুরু হতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশে মাতৃভাষা হিসেবে বাংলা এবং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। একসময় বিদেশে পড়াশোনা ও উচ্চশিক্ষার জন্যই মূলত তৃতীয় ভাষা শেখার বিষয়টি তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত দেড় দশকে এ পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় বিদেশে কর্মসংস্থানের জন্য চীনা, কোরীয়, জাপানি, আরবি ও অন্যান্য ভাষা শেখানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, বর্তমানে ইংরেজির বাইরেও অন্যান্য বিদেশি ভাষা দেশে ও দেশের বাইরে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ কারণে ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা শেখার প্রতিও তরুণদের আগ্রহ বাড়ছে।
এখন অনেক তরুণ জাপানি, কোরীয়, চীনা, জার্মান কিংবা আরবি ভাষা শিখছেন। তাঁদের লক্ষ্য বিদেশে চাকরি পাওয়া। আবার কেউ কেউ বাংলাদেশে থেকেই বহুজাতিক প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী কোম্পানি, পর্যটন, অনুবাদ, শিক্ষা কিংবা আন্তর্জাতিক বাণিজ্য খাতে কাজের সুযোগ খুঁজছেন।
বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেকেই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতেন। তবে বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বাংলাদেশের কর্মীরা। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে।
অধ্যাপক মো. আফজাল হোসেন বলেন, ‘বাংলা ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা যে শুধুমাত্র বিদেশে কর্মসংস্থান তৈরি করছে সেটি নয়। বাংলাদেশেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো কাজ করছে এবং সেখানেও জাপানিজ, চায়না, কোরিয়ান ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষ তরুণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে’।
বিদেশি ভাষা শিখে বিদেশে কর্মসংস্থানের আরেকটি উদাহরণ মো. আরিফুজ্জামান। ঢাকার একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে কোরীয় ভাষা শেখেন। এর কিছুদিন পর কয়েকটি ধাপ সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি শুরু করেন।
মাত্র পাঁচ বছর চাকরি করার পর সেখান থেকে উপার্জিত অর্থের পুঁজি নিয়ে দেশে ফিরে ব্যবসা শুরু করেন তিনি। দিন দিন তাঁর ব্যবসার পরিধিও বাড়ছে। আরিফুজ্জামান বলেন, শুধু কোরীয় ভাষায় দক্ষতা থাকার কারণেই তিনি ওই প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরির সুযোগ পেয়েছিলেন। তবে তৃতীয় ভাষা বা বিদেশি ভাষা শুধু বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, বিষয়টি এমন নয়। বর্তমানে বাংলাদেশে বহুজাতিক কোম্পানি, দূতাবাস ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোতেও বিদেশি বা তৃতীয় ভাষার গুরুত্ব বাড়ছে।
এ প্রসঙ্গে মিয়াদ হোসাইনের অভিজ্ঞতা তুলে ধরা যায়। তিনি বলেন, বাংলাদেশে যেসব চীনা প্রতিষ্ঠান কিংবা চীনা নাগরিক ব্যবসার উদ্দেশ্যে আসেন, তারা চীনা ভাষায় দক্ষ লোকের খোঁজ করেন।
মিয়াদ হোসাইন বলেন, ‘চায়নিজ নাগরিকেরা ইংরেজি ভাল বলতে পারে না বা ইংরেজিতে অভ্যস্ত নয়। যে কারণে যারা চায়নিজ পারে সেখানে একটা ভাল সুযোগ সুবিধা পাওয়া যায়’।
চীনা কিংবা কোরীয় ভাষার বাইরেও জার্মান, ফরাসি ও জাপানি ভাষার বেশ চাহিদা রয়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা, জাপানি, ফরাসি ও ইংরেজি ভাষায় অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। এর বাইরে আরও কিছু ভাষা শিক্ষা কোর্সও পড়ানো হচ্ছে।
অধ্যাপক আফজাল হোসেন জানান, তৃতীয় ভাষা হিসেবে শিক্ষার্থীরা যখন চীনা, জাপানি, ফরাসি কিংবা জার্মান ভাষা শিখছেন, তখন তাদের জন্য শুধু ওইসব দেশেই নয়, অন্য দেশগুলোতেও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
তিনি বলেন, ‘ইদানীং সবচেয়ে বেশি চাহিদা দোভাষীর। সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের চেয়ে তিন থেকে চারগুণ বেশি সেলারি পাচ্ছে যারা ভাষা শিক্ষার কোর্সগুলো করছে কিংবা গ্রাজুয়েশন করছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যূনতম বেতন হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা’।
বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিল। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণাও দেন। এর পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উদ্যোগ অর্থনৈতিক উন্নয়ন। সেটি করতে গিয়ে বিদেশি ভাষার দক্ষতাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে’।
তিনি জানান, তৃতীয় ভাষা শিক্ষার অংশ হিসেবে প্রথমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং পরে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়েও নতুন আরেকটি ভাষা শেখানো হবে। প্রাথমিক পর্যায়ে সেটি হতে পারে জাপানি ও চীনা ভাষা। এ শিক্ষা চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে শুরু হতে পারে।
তবে সবার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ চূড়ান্ত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ‘সারাদেশের ৪০টি পাবলিক এবং ১০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে আগামী ডিসেম্বরের মধ্যেই’।
তিনি জানান, আগে থেকে যেসব বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা সেন্টার বা ইনস্টিটিউট রয়েছে, সেগুলোকেও বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো বাছাই করা হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘এই ভাষা শিক্ষায় আমরা ন্যাটিভ চিটার নিয়োগ দিতে চাই কারণ তারা ভাল শিখাতে পারবে। এটা আমাদের যুবক ও তরুণদের চাকরি বা কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ’। এ ক্ষেত্রে চীনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরীয় ও আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করলেও এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক মনে করেন, তৃতীয় ভাষা শিক্ষা চালুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উদ্যোগটি কতটা বাস্তবায়নযোগ্য, তা বিবেচনা করা প্রয়োজন। তা না হলে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা সঠিকভাবে কাজে নাও আসতে পারে।
অধ্যাপক সাহাবুল হক বলেন, ‘কোন ভাষার জন্য কতজন শিক্ষক দরকার, তারা সেই ভাষায় কতখানি দক্ষ, যারা এই তৃতীয় ভাষা শিখবে তাদের সেই ভাষা কতখানি কাজে লাগবে কিংবা যদি প্রাকটিসের মধ্যে না থাকে তাহলে তাদের ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই বিষয়গুলো আগে থেকেই পরিকল্পনা করে তারপর এটি চালু করা উচিত’।