৩ মাস ধরে শূন্য কোষাধ্যক্ষ পদ
২০২৪ সালের ১ সেপ্টেম্বর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. নাহরীন আখতার © টিডিসি সম্পাদিত
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অধ্যাপনায় অবসরের মেয়াদ সর্বোচ্চ ৬৫ বছর। এরপর থাকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরিএল)। তবে এ সময়ের মধ্যে কেউ উপাচার্য, উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষের মতো প্রশাসনিক দায়িত্বে থাকলে নিয়োগের শর্ত মোতাবেক তিনি একাডেমিক অবসরে গেলেও সেই প্রশাসনিক দায়িত্ব শেষ পর্যন্ত চালিয়ে যান। কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ঘটল ব্যতিক্রম ঘটনা।
অধ্যাপক ডা. নাহরীন আখতারকে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও ২ বছর যেতেই তার একাডেমিক অবসরের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকেও বিদায় দিয়ে পদটি শূন্য ঘোষণা করেছে প্রশাসন। গেজেটে প্রজ্ঞাপন আকারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হওয়ার পরও বিধি লঙ্ঘন করে ঘটেছে এই কাণ্ড।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির আদেশে নিয়োগের পর অব্যাহতির কোনো পত্র কিংবা স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগে প্রশাসনিক পদটি শূন্য ঘোষণা করে দেওয়ায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। এ ছাড়া প্রায় ৩ মাস ধরে পদটি শূন্য থাকলেও নতুন কোষাধ্যক্ষ নিয়োগের ব্যাপারে কোনো অগ্রগতিও লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কার্যক্রমে তৈরি হয়েছে ধীরগতি।
তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাব্যক্তিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ওই বছরের ১ সেপ্টেম্বর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরীন আখতার। একই দিন তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে ৪ বছরের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু চলতি বছরের ২৮ আগস্ট চাকরি জীবন থেকে অবসরে যাওয়ার যুক্তি দেখিয়ে তাকে কোষাধ্যক্ষ পদ থেকেও বিদায় জানানো হয়। ২৭ আগস্ট হয় তার শেষ কর্মজীবন। এর আগে ২৫ আগস্ট ঘটা করে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনারও।
যা আছে আইনে, আদেশে
২০২৪ সালের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটিতে সই করেছিলেন তৎকালীন উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ কামাল হোসেন। ওই আদেশে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এঁর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৬ ধারা অনুসারে অধ্যাপক ডা. নাহরিন আক্তার, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, ঢাকা-কে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এর শূন্য পদে নিয়োগ করা হলো।’
আরও পড়ুন: লাল ফিতার দৌরাত্মে আটকে গেছে বিএমইউর ডেন্টাল স্টেম সেল ব্যাংক
ওই প্রজ্ঞাপনের শর্তগুলো ছিল— ‘(ক) কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ৪ বছর হবে; (খ) কোষাধ্যক্ষ হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; (গ) তিনি বিধি অনুযায়ী কোষাধ্যক্ষ পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; (ঘ) কোষাধ্যক্ষ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১৬(৭) ধারা অনুযায়ী তিনি দায়িত্বাবলী পালন করবেন; এবং (ঙ) রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আদেশটি কার্যকর হয়। একই দিন অধ্যাপক নাহরীন আখতার যোগদানও করেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ১ নং আইন) এর ১৬(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. নাহরিন আক্তারকে স্মারক নং- ৫৯.০০.০০০০.১৪০.৩১.০৩২.২২.৫২৪, তারিখ: ০১/৯/২০২৪ খ্রি. মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ১/৯/২০২৪ অপরাহ্নে কোষাধ্যক্ষ পদে যোগদান করেছেন।’
প্রসঙ্গত, তখন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ। পরে এটির নাম পরিবর্তন করা হয়। যে আইনের ভিত্তিতে অধ্যাপক নাহরীন আখতারকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল সেটির বর্তমান নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮’। ওই আইনের ১৬(১) ধারায় বলা হয়েছে, ‘চ্যান্সেলর তৎকর্তৃক নির্ধারিত শর্ত ও মেয়াদের জন্য, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে কর্মরত একজন অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ করিবেন।’
আরও পড়ুন: ‘ফায়ার ফাইটের জন্য’ জানালায় গ্রিল না থাকা সেই ভবনের ৫ সিঁড়ির তিনটিই ‘দখলে’
এদিকে ১৯৬১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণকারী অধ্যাপক ডা. নাহরীন আখতার চাকরিজীবন থেকে অবসর (পিআরএল) গ্রহণ করেন ২৭ আগস্ট। সে অনুযায়ী ওই দিন তার দীর্ঘ কর্মজীবন শেষ হয়। এ উপলক্ষে ২৫ আগস্ট নাহরীন আখতারের বিদায় সংবর্ধনা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করা হয় এবং কোষাধ্যক্ষের কার্যাবলি সম্পাদন করার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে নিযুক্ত করা হয়।
তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, আইনে কোষাধ্যক্ষের নিয়োগ ও তার মেয়াদ সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত রাখা হয়েছে। সে অনুযায়ী, তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক নাহরীন আখতারকে সুস্পষ্টভাবে ৪ বছরের জন্য নিযুক্ত করেছিলেন। অনেক ক্ষেত্রেই, নিয়োগের সময় মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট সময়সীমার পাশাপাশি অবসরে যাওয়ার সময়ও উল্লেখ থাকে। যেমন—‘নিয়োগের মেয়াদ ৪ বছর হবে অথবা তার মূল পদের অবসরের বয়সসীমা পূর্ণ হওয়া—এর মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন’। কিন্তু অধ্যাপক নাহরীন আখতারের কোষাধ্যক্ষ পদে নিয়োগ আদেশে অবসরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাষ্ট্রপতির নিয়োগ রদ বা বাতিল ছাড়া কেবল মূল পদের অবসরের অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এভাবে কোষাধ্যক্ষ পদ শূন্য ঘোষণা করা বিধি বহির্ভূত। অধ্যাপক নাহরীন আখতারের পদ শূন্য হওয়ার কোনো দাপ্তরিক নথিই নেই। এ অবস্থায় কার্যত তিনিই কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন। তা ছাড়া তিন মাস ধরে বিধিবদ্ধ একটি গুরুত্বপূর্ণ পদ জোরপূর্বক খালি থাকায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন আর্থিক অনুমোদনসহ অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে।
অপর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন উপ-উপাচার্য নিজ দায়িত্বের অতিরিক্ত কোষাধ্যক্ষের কার্যক্রম সম্পাদন করলেও বাস্তবে স্থবিরতা কাটছে না। বরং তার ওপর একসাথে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের চাপ পড়েছে। স্বাভাবিকভাবেই তিনি আগে নিজের মূল পদের কাজ সারেন, এরপর সময় পেলে কোষাধ্যক্ষের ফাইল ধরেন। ফলে অনেক জরুরি আর্থিক ও প্রশাসনিক কাজ আটকে থাকছে।
নতুন কোষাধ্যক্ষের দৌঁড়ে এক ঝাঁক চিকিৎসক
বিধিবহির্ভূত হলেও প্রায় তিন মাস ধরে কোষাধ্যক্ষ পদ শূন্য থাকায় যে কোনো সময় নতুন কাউকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থাকা চিকিৎসকরা এই পদে নিয়োগ পাওয়ার জন্য চেষ্টা-তদবির চালাচ্ছেন।
আরও পড়ুন: ১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের একটি সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন ও সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকূল ইসলাম ও অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী কোষাধ্যক্ষ পদে আলোচনায় রয়েছেন।
এর মধ্যে অধ্যাপক রফিকূল ইসলাম বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। অধ্যাপক আব্দুস সালাম বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সাবেক এবং অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বর্তমান সভাপতি। এ ছাড়া অধ্যাপক সাখাওয়াত হোসেন সায়ন্থ বিএনপিপন্থী টকশো আলোচক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিএনপির দুর্দিনেও সরব ছিলেন তিনি। আর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন আওয়ামী লীগ সরকারের সময় প্রতিহিংসাবশত চাকরিচ্যুত হয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর উচ্চ আদালতের নির্দেশে তিনি চাকরি ফিরে পান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
চুপ প্রশাসন
কোষাধ্যক্ষ পদের মেয়াদ থাকতেও বিধি লঙ্ঘন করে অধ্যাপক নাহরীন আখতারকে বিদায় জানানোর বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামালের দপ্তরে একাধিকবার গিয়েও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোষাধ্যক্ষের ভারপ্রাপ্ত ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তার কার্যালয়েও একাধিক দিন যাওয়া হয়। সর্বশেষ ১৭ নভেম্বর টানা তিন ঘণ্টা তার কার্যালয়ে অপেক্ষা করার পরও তিনি কথা বলতে রাজি হননি।