বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি
স্থাপনের অনুমোদন মেলার পরও প্রশাসনিক দীর্ঘসূত্রতার বেড়াজালে আটকে আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডেন্টাল স্টেম সেল ব্যাংক। দন্ত্য চিকিৎসার গণ্ডি পেরিয়ে কিডনি, লিভার, হৃদযন্ত্র, মস্তিষ্ক কিংবা আর্থ্রাইটিসের মতো জটিল ও প্রাণঘাতী রোগের আধুনিক সেল থেরাপিতে অপার সম্ভাবনা থাকলেও ফাইল চালাচালির চক্করে আলোর মুখ দেখছে না প্রকল্পটি। এতে বৈশ্বিক চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী সুফল থেকে যেমন বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা, তেমনি উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ হারাচ্ছেন চিকিৎসকরাও।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান এবং বিএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একটি দল এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর সূত্র ধরেই ডেন্টাল স্টেম সেল ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
তথ্য বলছে, উপ-উপাচার্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সিন্ডিকেটে স্টেম সেল স্থাপন প্রকল্প অনুমোদিত হয়েছে। পরে চলতি বছরের ৩০ জুন এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ পর্যন্ত প্রায় ৫ মাসেও কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
চিকিৎসা সেবায় অপার সম্ভাবনা
চিকিৎসকরা বলছেন, ফেলে দেওয়া দাঁত বা উইজডম টিথ (আক্কেল দাঁত) থেকে সুস্থ দাঁতের পাল্প টিস্যু (দাঁতের ভেতরের মজ্জা) সংগ্রহ করে ল্যাবরেটরিতে তা কালচার ও কাল্টিভেট করে প্রিজার্ভ বা সংরক্ষণ করাকে ‘স্টেম সেল ব্যাংকিং’ বলা হয়, যার মূল সোর্স হলো ডেন্টাল পাল্প টিস্যু। দন্ত্য চিকিৎসার পাশাপাশি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ যেমন—কিডনি, হাঁটুর জয়েন্টের আর্থ্রাইটিস, হার্ট, লিভার এবং ব্রেইন সেল ডেভেলপ বা ক্ষতিগ্রস্ত সেল রিপেয়ার করতে এই স্টেম সেল ব্যবহার করা যায়।
এ ছাড়া শরীরের যেকোনো ড্যামেজড টিস্যু বা অঙ্গের প্রয়োজন অনুযায়ী স্টেম সেলকে বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত করা সম্ভব। সম্প্রতি বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়নে চোয়ালের ফাঁকা জায়গায় ডেন্টাল পাল্প টিস্যু স্টেম সেল ইনজেক্ট করে নতুন দাঁত গজানোর মতো আধুনিক চিকিৎসাও উদ্ভাবিত হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল স্টেম সেল ব্যাংক স্থাপনের উদ্যোগ নেন একদল চিকিৎসক।
যদি একটা ডিপিপি আকারে তৈরি করে মন্ত্রণালয়ে প্রজেক্ট জমা দেই, তাহলে সরকার থেকেও এ ধরনের প্রতিষ্ঠান করার জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যেতে পারে। কিন্তু এখানে প্রশাসনিক ধীরগতি এবং লাল ফিতার দৌরাত্মে প্রকল্পটি আগাচ্ছে না— নাম প্রকাশ না করার শর্তে স্টেম সেল গবেষণা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা
গবেষকদের দাবি, ডেন্টাল পাল্প টিস্যু এবং এই ধরনের গবেষণা কার্যক্রম বর্তমানে বিশ্বব্যাপী অনেক উন্নত হয়েছে। এমনকি সম্প্রতি জাপানে একটি ওষুধ আবিষ্কার করেছে, যার মাধ্যমে যেখানে দাঁত থাকে না, সেখানেও টুথ টিস্যু স্টেম সেল ইনজেক্ট করে নতুন করে দাঁত গজানো সম্ভব।
জানতে চাইলে অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্টেম সেল আসলে স্কিল সেল। স্কিলড মানে হচ্ছে কর্মক্ষম। যেমন স্কিল ম্যানপাওয়ার আমাদের আছে, আমরা বিদেশে রপ্তানি করতে পারি। তারা ওখানে শ্রম দিয়ে কৃষি ক্ষেত্রেও অবদান রাখতে পারে, ইন্ডাস্ট্রিতে রাখতে পারে অথবা ড্রাগে রাখতে পারে অথবা মেডিকেল সায়েন্সে রাখতে পারে। তেমনি এই স্কিল সেলগুলোই প্রয়োজন অনুযায়ী নতুন সেল প্রডিউস করবে।
কেন আটকে আছে প্রকল্পটি
২০২৫ সালের ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘ডেন্টাল পাল্প টিস্যু: আ নিউ হোপ ফর রিজেনারেটিভ মেডিসিন’ শীর্ষক একটি সেমিনারে প্রথমবারের মতো ডেন্টাল স্টেম সেল ব্যাংক গঠনের কথা উঠে আসে। ওই সেমিনারে ‘ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভস ইন রিজেনারেটিভ মেডিসিন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার।
আরও পড়ুন: ‘ফায়ার ফাইটের জন্য’ জানালায় গ্রিল না থাকা সেই ভবনের ৫ সিঁড়ির তিনটিই ‘দখলে’
ওই সেমিনারে তিনি বলেছিলেন, বিএমইউর কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিকস বিভাগে স্টেম সেল প্রয়োগের মাধ্যমে দাঁতের আঘাতজনিত ও বিভিন্ন রোগের ফলে মরে যাওয়া দাঁতের মজ্জা পুনরুজ্জীবিত করার কাজ সফলভাবে চলছে। রেসিডেন্টসহ উচ্চতর চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা এই চিকিৎসা পদ্ধতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
তিনি আরও বলেন, বিএমইউর অন্যান্য বিভাগে দাঁতের মজ্জা থেকে স্টেম সেল সংগ্রহ করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে প্রয়োগের উদ্দেশ্যে একটি স্টেম সেল ব্যাংক চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্টেম সেল ব্যাংকিং সেবাকে বিএমইউর ইস্ট্যাবলিশমেন্ট সেন্ট্রাল রিসার্চ সেন্টারের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
ওই সময় তৎকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন রোগীদের সুবিধার্থে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে উল্লেখ করে স্টেম সেল ব্যাংক প্রতিষ্ঠা বা স্টেম সেল ব্যাংকিং সেবাকে পুরো মাত্রায় চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন।
সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্টেম সেল ব্যাংক প্রতিষ্ঠায় আরও বেশ কিছু অগ্রগতি হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বিষয়টি পাস হয়েছে। একই সাথে পরবর্তী কার্যক্রমের লক্ষ্যে চলতি বছরের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদকে সভাপতি ও চীফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিনকে সদস্য সচিব একটি কমিটি গঠন করা হয়।
তবে স্থান বরাদ্দের বিষয়টি নিয়ে এর আগেও দীর্ঘদিন এই কার্যক্রম থমকে ছিল। বিশ্ববিদ্যালয়ে এই ব্যাংক স্থাপনের জায়গা না থাকায় এটি নিয়ে বেশ বেগ পোহাতে হয় গবেষণা দলটিকে। পূর্ববর্তী প্রশাসনের কাছে ব্যাংক স্থাপনের আবেদন জানানো হলে সুনির্দিষ্ট স্থান বরাদ্দের দাবির কথা উল্লেখ করে পুনরায় আবেদন করতে বলা হয়। পরবর্তীতে পরীবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পাশের দ্বিতল একটি ভবন চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে আবেদন করা হয়। কিন্তু অনুমোদন ও কমিটি গঠনের সাড়ে ৪ মাস পরও সুস্পষ্ট কোনো অগ্রগতি হয়নি ব্যাংক স্থাপনে।
কমিটি বসেছিল, এটুকু আমি শুনেছি। কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাইনি। সিন্ডিকেট পাস হয়ে গেলেও সেটা বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরও পদক্ষেপ আছে— অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, ডেন্টাল স্টেম সেল ব্যাংকের প্রধান উদ্যোক্তা ও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
জানতে চাইলে ডেন্টাল স্টেম সেল ব্যাংকের প্রধান উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রজেক্ট প্রোফাইল তৈরি করে আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয়ের অথরিটি আমাদেরকে এনকারেজ করছে যে, এই বিষয়টা আগায়ে নেওয়া উচিত। এজন্য আমাদের দুটি জায়গায় প্রতিবন্ধকতা ছিল। একটা হচ্ছে আমাদের ফিন্যান্সিয়াল সাপোর্ট, দ্বিতীয়ত স্পেস। ফিন্যান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের খুব বেশি টাকা-পয়সা প্রয়োজন হবে, এমন না। আর জায়গার ব্যাপার নিয়ে কথা যখন হচ্ছিল তখন আমরা আবু সাঈদ কনভেনশন হলের পাশের জায়গাটা প্রস্তাব করলাম। সেটা একসময়ে ডেন্টাল ফ্যাকাল্টিরই জায়গা ছিল।
আরও পড়ুন: দত্তক নেওয়া মেয়েকে হারিয়ে আরও একবার নিঃসন্তান নুরুন্নবী-পারুল দম্পতি
খোঁজ নিয়ে দেখা গেছে, ডেন্টাল স্টেম সেল ব্যাংক স্থাপনের জন্য প্রস্তাবিত ভবনটিতে ১৯৮৯ সালে পথকলি ট্রাস্টের যাত্রা শুরু হয়। পরে সেখানে প্রশাসনিক ট্রাইব্যুনালও স্থাপিত হয়েছিল। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠনের পর তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্যোগে প্রশাসনিক ট্রাইব্যুনাল তুলে নিয়ে ভবনটি বিএমইউর দন্ত্য অনুষদকে বরাদ্দ দেওয়া হয়। সেখানে এক সময় ক্লাসরুম, শিক্ষকদের কক্ষ এবং একটি ল্যাবরেটরির কার্যক্রমও ছিল।
স্টেম সেল ব্যাংক গঠনের উদ্যোগ প্রসঙ্গে অধ্যাপক হাওলাদার বলেন, স্টেম সেল নিয়ে আমি কাজ করি অনেকদিন থেকেই। কিন্তু মলিকুলার বায়োলজির স্টুডেন্টদের দিয়ে যে আমরা থিসিস করাই, সেখানে মলিকুলার ডায়াগনস্টিক লেভেলের অনেক ইস্যু আছে যেগুলো আমাদের সাপোর্ট নাই। সেই সাপোর্টগুলো আমাদের নিতে হয় বেসিক ও প্যারাক্লিনিক্যাল অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টার, বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেনাবাহিনীর এএফএমআই (আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট), পরমাণু শক্তি কমিশন এবং সায়েন্স ল্যাবরেটরি (বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-বিসিএসআইআর) থেকে। আমাদের শিক্ষার্থীদের থিসিস করতে এসব জায়গায় যেতে হয়। কারণ আমার এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ নাই, যেটা মলিকুলার ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে খুবই জরুরি।
তিনি বলেন, আমি ফাইল নিয়ে গিয়েছি। আগের প্রশাসন একটা লাইন লিখে দিল— ‘জায়গা ঠিক করুন, তারপরে চান।’ এরকম করে ফাইলটা ব্যাক করে দিয়েছে। বর্তমান উপাচার্য খুব পজিটিভ মানুষ। তিনি একাডেমিক মানুষ এবং তার রিসার্চ ও একাডেমিক উন্নয়নে খুব আগ্রহ আছে। আমি আবার জায়গা ও অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করলাম। ফাইলটি প্রশাসনিক অনুমোদন হয়ে সিন্ডিকেট পর্যন্ত গেল। সেখানেও অনুমোদন পাওয়া গেল। পরে এ বিষয়ে একটি কমিটিও হয়েছে।
তবে কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, কমিটি বসেছিল, এটুকু আমি শুনেছি। কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাইনি। সিন্ডিকেট পাস হয়ে গেলেও সেটা বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরও পদক্ষেপ আছে।
এমন যুগান্তকারী একটি প্রকল্প স্থাপনে অপ্রয়োজনীয় ধীরগতি নিয়ে ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে স্টেম সেল গবেষণা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যদি একটা ডিপিপি আকারে তৈরি করে মন্ত্রণালয়ে প্রজেক্ট জমা দেই, তাহলে সরকার থেকেও এ ধরনের প্রতিষ্ঠান করার জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যেতে পারে। কিন্তু এখানে প্রশাসনিক ধীরগতি এবং লাল ফিতার দৌরাত্মে প্রকল্পটি আগাচ্ছে না।
আরও পড়ুন: ১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দপ্তরে গেলে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি নন বলে জানানো হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব ও চীফ এস্টেট অফিসার ডা. এহতেশামুল হক তুহিনের দপ্তরে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বিস্তারিত কথা বলতে রাজি হননি। তবে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।