মেডিকেল উচ্চশিক্ষা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মার্চ ২০২৭ সেশনের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য ১ হাজার ১২৪ জন চিকিৎসক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার পর প্রকাশিত ফলে এই তথ্য জানানো হয়েছে। তবে ক্যান্সার চিকিৎসায় জড়িত তিনটিসহ গুরুত্বপূর্ণ চার বিভাগে একজনও উত্তীর্ণ হতে পারেননি।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। ফলাফলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সই করেছেন।
শুক্রবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে বিএমইউর ৪ অনুষদের এমডি-এমএস রেসিডেন্সি কোর্সের পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টায় পরীক্ষা গ্রহণ শেষ হওয়ার পর রাত ৯টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এদিন পরীক্ষা অনুষ্ঠিত হওয়া অনুষদগুলো হলো মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি এবং শিশু। আগামী ৫ ডিসেম্বর বেসিক ও প্যারাক্লিনিক্যাল অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শুক্রবার রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ছয় হাজার ৭৪৬ জন চিকিৎসক। তবে এতে অংশ নিয়েছেন ছয় হাজার ৪৭৪ জন। এর মধ্যে ১ হাজার ১২৪ জন চিকিৎসক বিভিন্ন বিভাগে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন। পরীক্ষায় ২৭২ জন অনুপস্থিত ছিলেন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচিত হয়েছেন মূলত পেডিয়াট্রিক্স, কার্ডিওলজি, গাইনি অ্যান্ড অবস, জেনারেল সার্জারি, ইন্টারনাল মেডিসিন, অর্থোপেডিক সার্জারি এবং নিউরোসার্জারিতে। এক্ষেত্রে যে বিষয়গুলোর রোগীর চাপ ও ব্যবহারিক ক্ষেত্র সবচেয়ে বেশি, সেসব মৌলিক ও মূল ধারার শাখাগুলোতে নির্বাচিত প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। বিপরীতে সাব-স্পেশালিটি ক্ষেত্রগুলোতে নির্বাচিত প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম।
আরও পড়ুন: চমেবি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের ২৩ দিন পর ‘পাস’ দেখানো হলো তিন মেডিকেলের ৪ শিক্ষার্থীকে
দেখা গেছে, সার্জারি অনুষদে সর্বোচ্চ ৪৯৪, মেডিসিন অনুষদে ৪৫৮, শিশু অনুষদে ১২৭ এবং ডেন্টিস্ট্রি অনুষদে নির্বাচিত হয়েছেন মোট ৮৫ জন চিকিৎসক। এর মধ্যে সার্জারি অনুষদের গাইনোকোলজিক্যাল অনকোলজি ও থোরাসিক সার্জারির এমএস এবং মেডিসিন অনুষদের প্যালিয়েটিভ মেডিসিন ও রেডিয়েশন অনকোলজির এমডি কোর্সে কেউ নির্বাচিত হননি। তথ্য বলছে, গাইনোকোলজিক্যাল অনকোলজিতে নারীদের প্রজননতন্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচার, থোরাসিক সার্জারিতে ফুসফুস ও খাদ্যনালিসহ বক্ষগহ্বরের অঙ্গসমূহের সার্জারি, প্যালিয়েটিভ মেডিসিনে জটিল বা শেষ ধাপের ক্যান্সার রোগীদের তীব্র যন্ত্রণা কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করার সেবা এবং রেডিয়েশন অনকোলজিতে রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংসের চিকিৎসা প্রদান করা হয়।
নির্বাচিতদের মধ্যে সার্জারি অনুষদের এমডি কোর্সে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ৪৭ জন এবং অ্যানেস্থেশিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ১৫ জন করে নির্বাচিত হয়েছেন। এই অনুষদের এমএস কোর্সে গাইনি অ্যান্ড অবসে ৬৩, জেনারেল সার্জারিতে ৫৪, অর্থোপেডিক সার্জারিতে ৫২, নিউরোসার্জারিতে ৫১, ইউরোলজিতে ৩৯, অটোল্যারিঙ্গোলজিতে ৩৫, কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে ৩১, প্লাস্টিক সার্জারিতে ২৮, অপথালমোলজিতে ১৯, হেপাটোবিলিয়ারি সার্জারিতে ৭, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটিতে ৭, সার্জিক্যাল অনকোলজিতে ৭, ভাস্কুলার সার্জারিতে ৬, পেডিয়াট্রিক সার্জারিতে ৫, কলোরেক্টাল সার্জারিতে ৩, ফেটোম্যাটার্নাল মেডিসিনে ২ এবং কমিউনিটি অপথালমোলজিতে একজন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: বিএমইউ: ‘ফায়ার ফাইটের জন্য’ জানালায় গ্রিল না থাকা সেই ভবনের ৫ সিঁড়ির তিনটিই ‘দখলে’
মেডিসিন অনুষদে নির্বাচিত হয়েছেন মোট ৪৫৮ জন। এই অনুষদের এমডি কোর্সে কার্ডিওলজিতে ৬৬, ইন্টারনাল মেডিসিনে ৫৩, পালমোনলজিতে ৩৭, গ্যাস্ট্রোএন্টারোলজিতে ৩৬, নিউরোলজিতে ৩৬, নেফ্রোলজিতে ৩১, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজমে ৩০, চর্ম ও যৌনরোগে ২৭, অনকোলজিতে ২৭, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ২২, সাইকিয়াট্রিতে ১২, রিউমাটোলজিতে ১০, হেমাটোলজিতে ৯, ইমার্জেন্সি মেডিসিনে ৫, জেরিয়াট্রিক মেডিসিনে ৫, নিউক্লিয়ার মেডিসিনে ৫, মেডিকেল অনকোলজিতে ৪, ট্রান্সফিউশন মেডিসিনে ২ এবং চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রিতে একজন নির্বাচিত হয়েছেন।
শিশু অনুষদে নির্বাচিত হয়েছেন মোট ১২৭ জন। এই অনুষদের এমডি কোর্সে পেডিয়াট্রিক্সে ৭৩, নিওন্যাটোলজিতে ১৮, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ১০, পেডিয়াট্রিক নিউরোজলজি অ্যান্ড নিউরোডেভেলপমেন্টে ৮, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজিতে ৭, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিতে ৬, পেডিয়াট্রিক নেফ্রোলজিতে ৩ এবং পেডিয়াট্রিক হেমাটোলজিতে ২ জন নির্বাচিত হয়েছেন।
আর ডেন্টিস্ট্রি অনুষদের মোট ৮৫ জনের মধ্যে এমএস কোর্সের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে ২৮, অর্থোডন্টিক্সে ১২, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্সে ১০, প্রস্থোডন্টিক্সে ৮, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে ৭ এবং এমডি কোর্সের ডেন্টাল ম্যাটেরিয়ালস, ডেন্টাল ফার্মাকোলজি, ওরাল অ্যানাটমি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজি ও পেরিওডন্টোলজিতে ৪ জন করে নির্বাচিত হয়েছেন।