বৈজ্ঞানিক সেমিনার © সংগৃহীত
ওয়ার্ল্ড ওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েটিভ কেয়ার’-এর ৩য় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ প্রকাশনা উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বৈশ্বিক উপশমমূলক সেবার সার্বিক চিত্র তুলে ধরে জানানো হয়, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭ কোটি ৩৫ লাখ (৭৩.৫ মিলিয়ন) মানুষের প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক সেবার প্রয়োজন হয়। তবে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে মাত্র ১৪ শতাংশ মানুষ বিশেষায়িত প্যালিয়েটিভ কেয়ার সেবা পাওয়ার সুযোগ পান। বিশেষ করে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এই সেবাপ্রাপ্তির হার অত্যন্ত হতাশাজনক—মাত্র ৪ শতাংশ।
সেমিনারে আরও জানানো হয়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষের প্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত ব্যথানাশক ওষুধে সামান্য বা কোনো প্রবেশাধিকার নেই, যা রোগীদের যন্ত্রণা কমানোর ক্ষেত্রে একটি বড় বাধা। তবে আশার কথা হলো, বৈশ্বিক পর্যায়ে বিশেষায়িত উপশম সেবার প্রসার ঘটছে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে বিশেষায়িত প্যালিয়েটিভ কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ হাজার থেকে বেড়ে প্রায় ৩৩ হাজার ৭২০টিতে উন্নীত হয়েছে। উল্লেখ্য, এই বৈশ্বিক প্রতিবেদনের প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল যথাক্রমে ২০১৪ এবং ২০২০ সালে।
সেমিনারে মূল বক্তা হিসেবে প্যালিয়েটিভ মেডিসিনের নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সৈয়দা শারমিন কাদের। বিএমইউর প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মতিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আফরোজ আলম এবং মোস্তফা কামাল চৌধুরী। সেমিনারটি পরিচালনা ও সঞ্চালনা করেন বিভাগের মেডিকেল অফিসার ডা. কাজী মাকসুদা আনোয়ার।
আলোচনা সভায় বক্তারা প্রান্তিক পর্যায়ে উপশম সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় (প্রাইমারি হেলথ কেয়ার) প্যালিয়েটিভ মেডিসিন অন্তর্ভুক্তকরণ এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, রোগীর পরিবার ও স্বজনদের সচেতন ভূমিকা এবং রোগীর মৃত্যুর পর স্বজনদের মানসিকভাবে সামলে ওঠার জন্য ‘বিরিভমেন্ট সাপোর্ট’ বা শোক ব্যবস্থাপনা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বৈজ্ঞানিক সেমিনারে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার, রেসিডেন্ট চিকিৎসক, নার্স এবং হোম কেয়ার টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।