ফরিদপুর মেডিকেল
ফরিদপুর মেডিকেল কলেজ ও গঠিত আইডিএর লোগো © টিডিসি সম্পাদিত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠন করেছেন ‘জাতীয়তাবাদী’ ইন্টার্ন চিকিৎসকরা। গত দুই বছর সকল ইন্টার্ন চিকিৎসক মিলে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন হলেও এবার তার ব্যত্যয় ঘটেছে। এ ছাড়া ইন্টার্নশিপ শুরু না করেও কমিটিতে একজনকে পদ দেওয়া হয়েছে। আর দপ্তর সম্পাদকের মতো পদ পেয়েছেন একজন ছাত্রলীগ নেতা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পদপ্রাপ্ত নেতারা বলছেন, শুধুমাত্র জাতীয়তাবাদী ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তবে গত ৮ নভেম্বর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম এবং ৯ নভেম্বর হাসপাতাল পরিচালক ডা. মানস কৃষ্ণ কুন্ডু এই কমিটি অনুমোদন দেন। কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যে ইন্টার্ন চিকিৎসকদের সামগ্রিক সংগঠন হিসেবেই অনুমোদনের ইঙ্গিত পাওয়া গেছে। তাদের স্বাক্ষর থাকায় নির্বাচন ছাড়া এ ধরনের কমিটি অনুমোদন দেওয়া নিয়ে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশ।
আইডিএর ২০২৬-২৭ সেশনের জন্য গঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে রয়েছেন ইন্টার্ন ডা. মো. আতিকুর রহমান আতিক এবং সহ-সভাপতি পদে রয়েছেন ডা. খালিদ হাসান ইমন। কমিটির সাধারণ সম্পাদক পদে ডা. আব্দুল বারিক, সহ-সাধারণ সম্পাদক পদে ডা. ফয়সাল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. জুনায়েদ হোসেন, কোষাধ্যক্ষ পদে ডা. আফসার উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে ডা. আসিফুর রহমান দায়িত্ব লাভ করেছেন। এর মধ্যে জুনায়েদ এমবিবিএস উত্তীর্ণ হলেও তিনি ইন্টার্নশিপ শুরু করেননি। আর আসিফুর রহমান শাখা ছাত্রলীগের সর্বশেষ গঠিত কমিটির কমিটির সদস্য।
জানতে চাইলে আইডিএ সভাপতি ডা. মো. আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই আইডিএ যেটা, এটা মূলত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাথে কো-রিলেটেড, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। পুরোপুরি ড্যাবের না, তবে জাতীয়তাবাদী ইন্টার্নদের সংগঠন। তবে আমরা ওভারঅল সবাইকে রিপ্রেজেন্ট করব। সবার জন্যই কাজ করব। এ ছাড়া আমরা সবাইকে ইনক্লুড করেই কমিটিটা ফর্ম করেছি, যাতে সবাই একসাথে কাজ করতে পারি।
জুনায়েদ হোসেন রেজিস্ট্রেশন পেলে ইন্টার্নশিপ শুরু করবে বলেও জানান তিনি। আসিফুর রহমানের ছাত্রলীগের পদ থাকার ব্যাপারে তিনি জানেন না বলেও উল্লেখ করেছেন।
ইন্টার্ন চিকিৎসকদের সম্মিলিত কোনো সংগঠন বা কমিটি হতে পারে কিনা—জানতে চাইলে তিনি বলেন, আসলে এ বছর নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা জানি না। সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে নির্বাচন হতে পারে।
একই বক্তব্য সাধারণ সম্পাদক ডা. আব্দুল বারিকের। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, আমরা যারা বিভিন্ন সংগঠনে ছিলাম, সেসব সংগঠন এবং ছাত্রদল, মানে আমরা যারা লিড দিতাম, তাদের মাধ্যমে সিলেক্ট হয়েছে। আমরা জাতীয়তাবাদী ইন্টার্নরা মিলে কমিটি করেছি, কিন্তু এটা সবার জন্যই কাজ করবে।
আসিফুর রহমানের ছাত্রলীগ সংশ্লিষ্টতা স্বীকার করে আব্দুল বারিক বলেন, সে ছাত্রলীগের সদস্য ছিল। কিন্তু ওখানে তাকে জোর করে নেওয়া হয়েছিল। আমি যখন জুলাই আন্দোলনে লিড দিলাম, সে সময় সে আমাদেরকে একদম সম্মুখ সারিতে থেকে সাহায্য করেছে। একই সাথে জুলাইয়ের শুরু থেকেই সে পক্ষে অবস্থান নিয়েছিল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মানস কৃষ্ণ কুন্ডু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়মিত পরিচালক চলে যাওয়ার পর সম্প্রতি আমাকে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। ফলে অতীতে বা আগের বছরগুলোতে নির্বাচন হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে তারা আসছিল, আমি অনুমোদন দিয়েছি। আমি কারো রাজনৈতিক পরিচয় জানি না।
জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম বিস্তারিত কথা বলতে রাজি হননি। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, নির্বাচন বা কমিটি গঠন— এই জিনিসটা তো আমাদের টিচারদের বা ডাক্তারদের ব্যাপার। এই ব্যাপারটা আপনাদের কাছে গেল কেন? তাদের কোনো প্রতিবাদ থাকলে তারা এখানে প্রতিবাদ করবে। আপনাদের কাছে অভিযোগ করবে কেন?