পাবনা সদর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ। © টিডিসি ছবি
পাবনা সদর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিলনায়তনের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ধরে দুটি চেয়ার পুড়ে যায় এবং একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে দুর্বৃত্তরা মিলনায়তনের পেছনের দিকের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটালে মিলনায়তনের ভেতরে আগুন ধরে যায়।
ইউএনও আরও জানান, মিলনায়তনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখ বাঁধা তিন ব্যক্তিকে জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। তাঁরা ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিলনায়তনের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।