আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পের মোনাজাতে চোখের জলে ঘরে ফেরার স্বপ্ন

১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ PM
আইসিজের রায় ঘোষণার সময় রোহিঙ্গা ক্যাম্পে মোনাজাতরত ব্যক্তিরা

আইসিজের রায় ঘোষণার সময় রোহিঙ্গা ক্যাম্পে মোনাজাতরত ব্যক্তিরা © সংগৃহীত

চোখে জল, দুহাত তুলে মোনাজাত। কেউ নীরবে কাঁদছেন, কেউ পর্দায় তাকিয়ে অপেক্ষা করছেন আদালতের সিদ্ধান্তের। তাঁদের প্রার্থনা—দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক, একদিন যেন নিরাপদে ফিরতে পারেন নিজ ভিটেমাটিতে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় পড়া হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। আর সেই রায় সরাসরি সম্প্রচার দেখতে উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে আয়োজন করেছেন রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ প্রায় সব শিবিরেই রায় দেখার আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখছেন রোহিঙ্গা নারী-পুরুষ। কোথাও রায় দেখার পাশাপাশি মোনাজাত করছেন তাঁরা, কোথাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। আল্লাহর কাছে তাঁদের প্রার্থনা- ন্যায়বিচারের পাশাপাশি যেন নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়।

রোহিঙ্গাদের কাছে এই রায় শুধু একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়; ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানোর বেদনার সঙ্গে জড়িয়ে আছে।

দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। জাপানের এই বিচারপতি ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ করছেন।

 আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা গেছে।

রায় পাঠের শুরুতে ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও উল্লেখ করা হয়।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। আইসিজের রায় নিয়ে আশাবাদী।

 আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং ব্যাপক যৌন সহিংসতার প্রমাণ উঠে এসেছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যাশা, এ রায়ের মধ্য দিয়ে একদিন নিজ দেশে ফেরার পথ সুগম হবে।’

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়; এর সঙ্গে পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায় ঘোষণার পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তনে সময় লাগবে।

বাংলাদেশে সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। রায়ের পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে তা বাস্তবায়নে সহযোগিতা করা।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাশা, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাঁদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হতে পারে।

তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না কিংবা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসনও টেকসই হবে না।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ২০২০ সালে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ মামলাটির চূড়ান্ত রায় পড়া হচ্ছে।

হেগের আদালতে রায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলমান অবস্থায় কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের অপেক্ষা শেষ হবে কি না, তা এখনো অনিশ্চিত। তাঁদের চোখে জল, হাতে মোনাজাত—প্রার্থনা শুধু একটাই, ন্যায়বিচার পেয়ে একদিন যেন নিরাপদে ফিরতে পারেন নিজের ঘরে।

শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
আইসিজের রায় ঘোষণা, রোহিঙ্গা ক্যাম্পের মোনাজাতে চোখের জলে ঘর…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আ.লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হব…
  • ১৯ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, সাপ্লিমেন্টারি ও সেকেন্ড …
  • ১৯ নভেম্বর ২০২৬
স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
  • ১৯ নভেম্বর ২০২৬
হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাতে লবণের বিকল্প নিয়ে নতুন গবে…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage