ফেনী
ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা। © সংগৃহীত
ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় কার্যালয়ের দোতলায় থাকা ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারীর। এ সময় তাঁরা ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দ্রুত পালিয়ে যান দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ব্যাংকটির ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ বলেন, রাতে তিনি ৬-৭ জন কর্মকর্তা-কর্মচারীসহ কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। একপর্যায়ে তাঁরা ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং রাতভর সেখানে অবস্থান করে। সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।
এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।