যশোর কেন্দ্রীয় কারাগার: সাজা শেষেও ফিরতে পারছেন না ৪৪ ভারতীয়

১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ PM
যশোর কেন্দ্রীয় কারাগার

যশোর কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

ভারতীয় হাইকমিশনের উদাসীনতায় সাজার মেয়াদ শেষ হলেও ফিরতে পারছেন না সে দেশের ৪৪ নাগরিক। বন্দীজীবন থেকে কবে মুক্তি হবে—অপেক্ষার দিন গুনছেন যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ৪৪ ভারতীয় নাগরিক। এই যাতনা শুধু জীবিতদের ক্ষেত্রে নয়, মৃত্যুর পরও মিলছে না মুক্তি। যশোর জেনারেল হাসপাতালের মর্গে পড়ে আছে দুই ভারতীয় নাগরিকের মরদেহ। প্রত্যাবাসনের দীর্ঘসূত্রতায় জীবিতদের স্বদেশে ফেরা যেমন অনিশ্চিত, তেমনি অপেক্ষা করে রয়েছে মৃতদের স্বজনরা।

ভারতের সঙ্গে যশোরের রয়েছে প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলও এই জেলায়। যশোর থেকে ভারতের পূর্বাঞ্চলের বৃহত্তম নগর কলকাতার দূরত্ব সবচেয়ে কম, যাতায়াত ব্যবস্থাও ভালো। এগুলো ছাড়াও নানা কারণে যশোর সীমান্ত ব্যবহার করে দুই দেশের লোক যাতায়াত হয় অন্য যেকোনো সীমান্তের চেয়ে বেশি। পাশাপাশি অনুপ্রবেশ, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও এই সীমান্তেই বেশি। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায়ই আটক হন বাংলাদেশ-ভারত—দুই দেশের নাগরিকরাই। আটক বেআইনি অনুপ্রবেশকারীদের আদালতের রায়ে ১৫ দিন থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হয়। অথচ, সাজা শেষ হওয়ার পরও ভারতীয় নাগরিকদের বন্দীজীবন গড়ায় তিন থেকে ১৪ বছর পর্যন্ত।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে থাকা ৫১ ভারতীয় বন্দীর মধ্যে ৪৪ জনেরই সাজাভোগ শেষ হয়েছে; যার মধ্যে রয়েছেন সাত নারীও। কিন্তু ভারত সরকারের প্রত্যাবাসন অনুমোদন না মেলায় তারা পাননি মুক্তি। কারাগারের চার দেয়ালেই আটকে আছে তাদের দেশে ফেরার স্বপ্ন।

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা বাছুল মাঝি। ২০১৩ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ছয় মাসের সাজা পান। কিন্তু প্রত্যাবাসনের অপেক্ষায় যশোর কারাগারে কাটান দীর্ঘ আট বছর। গত ৯ অক্টোবর মারা যান তিনি। মৃত্যুর এক মাস পরও ফেরেনি মরদেহ। একইভাবে গত ১৯ অক্টোবর মারা যান পশ্চিমবঙ্গের গাজী মণ্ডল। বর্তমানে দুই ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে আছে যশোর জেনারেল হাসপাতালের মর্গে।

মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, কারাগারে ৫১ জনের মতো ভারতীয় বন্দী আছেন, যাদের মধ্যে নারীরাও রয়েছেন। তারা যেভাবে হোক অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন এবং এই কারণে তাদের বিরুদ্ধে মামলা ও শাস্তি হয়েছে। সেই শাস্তির মেয়াদ শেষও হয়েছে।

‘ভারত সরকারের উচিত এদের দেখাশোনা করা এবং প্রত্যেকটি জেলখানা ভিজিট করা। যেহেতু বাংলাদেশের তরফ থেকে ভারতীয় হাইকমিশনকে জানানো হয় এবং তারা জানে বাংলাদেশের কোন জেলখানায় কতজন আটক আছে। যাদের সাজা শেষ হয়েছে- বিশেষ করে যে দুইজন মারা গেছেন, তাদের মরদেহ মর্চুয়ারিতে কতদিন থাকবে! মর্চুয়ারির একটা খরচ আছে, এই খরচ ভারত সরকারের বহন করা উচিত,’ বলেন বিনয় কৃষ্ণ মল্লিক।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালের মর্গে একটা মর্চুয়ারি ফ্রিজ আছে, যেখানে চারটি ডেডবডি প্রিজার্ভ করা যায়। কিন্তু একটা চেম্বার নষ্ট হওয়ায় এই মুহূর্তে তিনটি ব্যবহার উপযোগী। দুটিতে দুটো মৃতদেহ রাখা আছে। দুজনই ভারতীয়। ভারতে পাঠাতে গেলে কিছু ফরমালিটিস লাগে। হাইকমিশনের মাধ্যমে আসতে হয়। সেটা হতে দেরি হচ্ছে বলেই বডি দুটো রাখা।

তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষকে আমরা মর্চুয়ারির বিষয়টি অবহিত করেছি। তারা আশ্বস্ত করেছে, অল্প সময়ের মধ্যে ইন্ডিয়াতে হস্তান্তরের ব্যবস্থা করবেন। সে অনুযায়ী কাজ চলছে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোর কেন্দ্রীয় কারাগারে ৪৪ জন বিদেশি বন্দীর সাজা ভোগ শেষ হয়ে গেছে। এখন তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করানোর কথা। জেল কর্তৃপক্ষ আমাদের নির্দেশনানুযায়ী সেদেশের হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশন থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে, বন্দীদের সাজা শেষ হলেও এখনই তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘বিকল্প উপায়ে তাদের প্রত্যাবর্তন করানোর কথা চিন্তা করেছিলাম, তবে এক্ষেত্রে কিছু আইনি বাধাও রয়েছে। বিষয়টি সরকারকে জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও হাই কমিশনকে জানানো হয়েছে। কিন্তু ভারতীয় হাই কমিশন থেকে যেভাবে সাড়া পাওয়ার কথা ছিল, তা পাওয়া যাচ্ছে না।’

প্রত্যাবর্তনের জটিলতা বিষয়ে অ্যাডভোকেট মো. রুহিন বালুজ বলেন, ‘যে বিদেশি বন্দী আমাদের দেশে আছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের আটক রাখাটা বাংলাদেশের আইনের লঙ্ঘন, জেল কোডের লঙ্ঘন। জাতিসংঘ কর্তৃক প্রণীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস-এর ঘোষণাপত্রের ১১ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট ১৯৫২ সালের আইনের সাত ধারায় স্পষ্ট বলা আছে, বিদেশিদের তার নিজ নিজ দেশে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা লজিক্যাল সময় বেঁধে দেবেন এবং তাদের সংশ্লিষ্ট দেশে চলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করবেন। যদি তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যেতে না পারে, তাহলে অবশ্যই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যে শেল্টার প্রকল্প আছে, সেখানে তাদের আশ্রয় গ্রহণ করার জন্য আবেদন করা উচিত।’

‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’— নাহিদের মেসেজ সিন করলেন না…
  • ১৯ নভেম্বর ২০২৬
ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোর কেন্দ্রীয় কারাগার: সাজা শেষেও ফিরতে পারছেন না ৪৪ ভারতীয়
  • ১৯ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে পার্কিং করা দুই গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা 
  • ১৯ নভেম্বর ২০২৬
সমরাস্ত্রের মোকাবিলায় দুঃসাহসী তিতুর বাঁশের দুর্গ
  • ১৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage