ছাত্রদল নেতা সামি © টিডিসি সম্পাদিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সামি। তার দাবি, নিজের অজান্তেই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সামি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একজন সাধারণ ছাত্র। আমি কোনদিনও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এখনও নেই। কিন্তু আমার অনুপস্থিতিতে ও আমার অজান্তে আমাকে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। এ ব্যাপারে আমি কিছুই জানিনা এখন জানতে পেরে আমি সজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি। যদি আমার অজান্তে আমি কোনো অন্যায় করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’
পোস্টে সামি আরও জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার অজান্তে ছাত্রদলের কলেজ শাখার কমিটিতে পদ দেওয়ার বিষয়টি জানার পরই পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।