চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই

১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ PM
পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু।

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু। © সংগৃহীত

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীকাল শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে নিয়মিত দুটি ট্রেন এই রুটে চলাচল করবে।

উদ্বোধন শেষে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। এ সময় রেলমন্ত্রী বলেন, দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি ও রেল যোগাযোগের পরিধি সম্প্রসারণে সরকারের নেওয়া উদ্যোগ অব্যাহত থাকবে।

শেখ রবিউল আলম বলেন, পাবনাবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ ও স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি দেশের রেলসেবার মান আরও উন্নত করতে সরকার কাজ করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রেল যোগাযোগের উন্নয়ন করা হবে।

এর আগে পাবনা রেলওয়ে মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রেলমন্ত্রী। তিনি বলেন, পাবনার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে রেলমন্ত্রী বলেন, পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। আধুনিক রেলের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্পগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।

শেখ রবিউল আলম জানান, টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগব্যবস্থা নতুন করে বিন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।

পাবনার উন্নয়নে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি ওয়াই-টাইপ সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও সেতুটি নির্মাণে উদ্যোগী হয়েছেন। আন্তর্জাতিক পর্যায় থেকে এ প্রকল্পে অর্থায়নের আগ্রহ রয়েছে। দ্রুততম সময়ে সেতুটির নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

আগামীকাল থেকে চলবে দুই ট্রেন
রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে বাণিজ্যিকভাবে দুটি ট্রেন চলাচল করবে। ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

এ ছাড়া অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ উপস্থিত ছিলেন।

নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ১৯ নভেম্বর ২০২৬
নির্যাতন-নির্বাসন, স্বজন হারানোর বেদনা পেরিয়ে ক্ষমতার শীর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে কোন বিষয়ে ভর্তি হতে কী যোগ্যতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
‘শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage