এই তিনটি বই রাখতে নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত
সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত সকল প্রতিষ্ঠানের গ্রন্থাগারে একই প্রকাশনীর তিনটি বই বাধ্যতামূলক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সহকারী সচিব (প্রশাসন-২) খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বই তিনটি হচ্ছে—মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন এবং সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতা সংকলন ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বইই ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’ প্রকাশ করেছে। চিঠিতে প্রকাশনা সংস্থাটির ২০২৪ সালের ২৩ আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো একটি বেসরকারি পত্রকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই চিঠির সত্যতা নিশ্চিত করেছে। চিঠিটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই ৩টির এক সেট করে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে ক্রয়পূর্বক সংগ্রহ ও সংরক্ষণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এদিকে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয় এবং ৫ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এরকম একটি নির্দেশনার কথা আমি গতকালকে জেনেছি। আগামীকাল এ বিষয়ে আমরা অধস্তনদের নির্দেশনা দেব।