বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অটোমেশন সেবা চালু

২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ PM
অটোমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান

অটোমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের আওতায় রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রমের পাশাপাশি পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’ও উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিটালাইজেশন ও সেবা অটোমেশন প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে। এর ফলে রোগীদের ভোগান্তি কমবে এবং আল্ট্রাসনোগ্রামসহ বিভাগের অন্যান্য সেবা নিতে রোগীদের আর দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না।

তবে সাধারণ ও দরিদ্র রোগীরাও যাতে অনলাইন সেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। একই সঙ্গে বাস উপহার ও সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মানবতার সেবায়ও বড় অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। বিএমইউতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, সেলফ সার্ভিস সেন্টার চালু এবং বাস উপহার দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে বলেও বিশ্বাস ব্যক্ত করেন মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান এবং পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন উপস্থিত ছিলেন।

এ ছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা এবং পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭ বছর আওয়ামী লীগের ‘দালালি’ করা কর্মকর্তা-কর্মচারীদের সুয…
  • ২৯ নভেম্বর ২০২৬
মুশফিকের অবসরে হৃদয়ছোঁয়া বার্তা রিয়াদের
  • ২৯ নভেম্বর ২০২৬
বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অটোমেশন সেবা চালু
  • ২৯ নভেম্বর ২০২৬
আগরবাতি-গোলাপজলসহ কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার …
  • ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে ‘গুরুত্বপূর্ণ’ পরিবর্তনের পরিকল্প…
  • ২৯ নভেম্বর ২০২৬
‘জামায়াত তো তাদের স্পিকারই পেয়ে গেছে, ডেপুটি স্পিকার নিয়…
  • ২৯ নভেম্বর ২০২৬