বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত
চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসন—এই তিন পক্ষের পারস্পরিক আস্থা ও সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ করছে। একই সাথে নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ এবং ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমাদের এই আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। অভিযোগ প্রমাণের আগেই গণমাধ্যমে চটকদার বা নেতিবাচক শিরোনাম করলে পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন হয়। আবার হাসপাতালের ভেতরের সমস্যা সমাধানে বৈঠক ও গঠনমূলক আলোচনাই সবচেয়ে কার্যকর।
স্বাস্থ্য খাতের বর্তমান পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেওয়া হয়েছে।
হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতির কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণ স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ-ছয়টি বিশেষায়িত হাসপাতালে এই ডিজিটাল সেবা পুরোপুরি চালু হবে। এতে রোগীদের আর ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হবে না এবং দালালদের দৌরাত্ম্যও কমবে।
এছাড়া বিগত সময়ে নির্মিত হয়ে পড়ে থাকা পরিত্যক্ত ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ড. মুহিত। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে। পাশাপাশি আগামী ১৩ তারিখ থেকে দেশব্যাপী নতুনভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি, আরিজ ফাউন্ডেশন, প্ল্যাটফর্ম টুডে এবং ডিএমজে মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক রাইসুল হক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল।