স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে দেশের আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে

২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশের আই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত ও পুনর্গঠন করা হবে। একই সঙ্গে সচেতনতা বাড়িয়ে মরণোত্তর কর্নিয়া দানে মানুষকে উৎসাহিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটি’র চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, চক্ষুসংক্রান্ত রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য সবসময়ই তার দীর্ঘ গবেষণা ও শিক্ষকতার আগ্রহের জায়গা। দেশে অন্ধত্বের প্রধান কারণ ছানি হলেও ঐতিহাসিকভাবে কর্নিয়াজনিত অন্ধত্বও অন্যতম বড় কারণ ছিল। ২০-৩০ বছর আগে ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুদের কর্নিয়াজনিত অন্ধত্বের প্রকোপ অনেক বেশি ছিল। তবে সরকারের টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরুর পর থেকে এ ধরনের অন্ধত্বের বিরাট অংশ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে কর্নিয়াজনিত অন্ধত্বের প্রধান কারণ হলো চোখের সংক্রমণ ও আঘাত।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনেই ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল’ পাস করেছে। এই আইনি কাঠামোর ভেতরে কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৫০ জন কর্নিয়া বিশেষজ্ঞ সার্জন আছেন এবং এর মধ্যে ২৫ জন নিয়মিত কর্নিয়া প্রতিস্থাপন করছেন। তবে দাতা কর্নিয়ার অভাবে বেশিরভাগ প্রতিস্থাপন বিদেশ থেকে আমদানি করা কর্নিয়ার ওপর নির্ভরশীল, যা রোগীদের জন্য ব্যয়বহুল ও জটিল।

পরিসংখ্যান তুলে ধরে এই আন্তর্জাতিক চক্ষু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, দেশে প্রায় ১৫ হাজার মানুষ দুই চোখের কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন এবং আরও প্রায় ৫০ হাজার মানুষ এই ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত প্রায় ২ হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন, যাদের বড় একটি অংশের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের সুযোগ পেলে তাদের অনেকেই দৃষ্টি ফিরে পাবেন।

তিনি আরও বলেন, সংক্রমণ ও আঘাতজনিত কর্নিয়াজনিত অন্ধত্বের বড় অংশই প্রতিরোধযোগ্য। এজন্য সন্ধানী, জাতীয় চক্ষুদান সমিতি, আই ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, বাংলাদেশ কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সারওয়ার আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী মনিরুজ্জামান, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. তৌহিদুর রহমান ও মহাসচিব ডা. জিন্নুরাইন প্রমুখ। এ সময় দেশের জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬
হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে রৌপ্যপদক পেলেন বাকৃবি অধ্য…
  • ২৬ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে…
  • ২৬ নভেম্বর ২০২৬
থানায় আটক থাকা যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে কপাল পুড়ল যুবদল নে…
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব কেক দিবস, কীভাবে এল দিনটি
  • ২৬ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা ঢাকা…
  • ২৬ নভেম্বর ২০২৬