স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী © টিডিসি সম্পাদিত
হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে মিন্টুরোডের বাসায় ফেরেন তিনি। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন কিংবা বাসায় ফেরার পর আজ সারাদিনে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে অনেকেই গিয়েছেন। তবে ব্যতিক্রম স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে থাকাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তার সাথে ছিল একটি প্রতিনিধিদল।
এছাড়া তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। হাসপাতালে ফুল পাঠিয়ে শুভেচ্ছা ও সহমর্মিতা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তবে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর এবং হাসপাতালে বিশিষ্টজনদের উপস্থিতির মধ্যেও তাকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তার এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টিকে পারস্পরিক সৌজন্যতা, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে জানতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের মুঠোফোনে কল দেওয়া হলে পরিচয় জানার পর তিনি কলটি কেটে দিয়েছেন। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে তার দুটি ব্লকে রিং ( স্টেন্ট) পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।