২০১৫ সালে চালু হয় স্বাস্থ্য অধিদপ্তরের এই টেলিমেডিসিন সেবা © ওয়েবসাইট থেকে সংগৃহীত ও সম্পাদিত
মুঠোফোনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ চালু হয়েছিল এক দশক আগে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই সেবাটি গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বন্ধ হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) কাজী জেসিনের পোস্টের সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে এই তথ্য জানা গেছে।
ওই পোস্টে বিনামূল্যে এই সেবা পাওয়া যাচ্ছে—এমন দাবি করেছিলেন কাজী জেসিন। শুক্রবার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটে দেওয়া ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র উল্লেখ করে তিনি লিখেছেন, ‘১৬২৬৩ নম্বরে Call দিয়ে শূন্য চাপলে সরকারি ডাক্তারের পরামর্শ নিতে পারবেন দিন-রাত ২৪ ঘন্টা। কোনো ফি নেই।’
তবে ওই নম্বরে কল দেওয়া হলে জানানো হয়, ‘প্রিয় গ্রাহক, স্বাস্থ্য বাতায়ন, ১৬২৬৩ সেবাটি বর্তমানে বন্ধ আছে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে স্বাস্থ্য বাতায়ন। পরের বছর ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের তত্ত্বাবধানে এবং বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত হতো।
তথ্য বলছে, এই টেলিমেডিসিন সেবায় ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন শিফটে যুক্ত ছিলেন। এই সেবা দেওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বিশেষ করে কভিড-১৯ মহামারীর সময় এই সেবার ব্যাপক উপকারিতা দেখা যায়।
চুক্তিটি নবায়ন না হওয়ায় আমরা আর এটি পরিচালনা করতে পারছি না। এটি নবায়নের এখতিয়ার মন্ত্রণালয়ের, আমাদের এখান থেকে নবায়নের সুযোগ নাই— পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মাদ আল মামুন, পরিচালক (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করায় গত বৃহস্পতিবার এটি বন্ধ করে দেয় সিনেসিস আইটি। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গত ১২ নভেম্বর বেসরকারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মাদ আল মামুনকে চিঠি দিয়ে সেবা বন্ধের উদ্যোগের কথা জানান। ওই চিঠিতে জানানো হয়, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩–এর কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন। একই দিন সন্ধ্যায় সেবাটি বন্ধ হয়ে যায়।
সেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ক্ষতির বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। তারা বলছেন, সেবা বন্ধের আগে বিকল্প পদ্ধতি চালুর প্রয়োজন ছিল।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মাদ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চুক্তিটি নবায়ন না হওয়ায় আমরা আর এটি পরিচালনা করতে পারছি না। এটি নবায়নের এখতিয়ার মন্ত্রণালয়ের, আমাদের এখান থেকে নবায়নের সুযোগ নাই।
তিনি বলেন, হয়তো এটি আর নবায়ন করা হবে না। তবে আমাদের আরেকটি প্রকল্প হচ্ছে, সেখানে এরকম একটি সেবা যুক্ত হবে। কারণ সেবাটি রাখা লাগবে।
ডা. আবু আহম্মাদ আল মামুন আরও বলেন, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেয়, আমরা সেটি বাস্তবায়ন করব। যদি নতুন প্রজেক্ট করে, সেটাও হবে; আবার যদি সিদ্ধান্ত নেয় যে এটিই আবার চালু করবে, আমরা সেটিও বাস্তবায়ন করতে পারব।
এদিকে সেবা চালু থাকার দাবির বিষয়ে জানতে বিটিভি মহাপরিচালক কাজী জেসিনের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের টেলিমেডিসিন সেবার ওয়েবসাইট থেকেই তিনি তথ্যটি নিয়েছিলেন। ওয়েবসাইটটি এখনও সচল রয়েছে।