শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস

১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ডায়াবেটিসকে একসময় বয়স্কদের রোগ মনে করা হতো। কিন্তু এখন ১০ বছর বয়স হওয়ার আগেই কোনো কোনো শিশুর শরীরে ধরা পড়ছে টাইপ-২ ডায়াবেটিস। দীর্ঘ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকা, মাঠে খেলাধুলা না করা কিংবা ফাস্টফুড খাওয়ার মতো প্রতিদিনের অভ্যাসই কি শিশুদের ঠেলে দিচ্ছে ডায়াবেটিসের ঝুঁকিতে?

ভারতের আসামে শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। তাদের মতে, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত ওজন শিশুদের এ রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (জিএমসিএইচ) এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক অশোক কৃষ্ণ ভূঁইয়া বলেছেন, একসময় টাইপ-২ ডায়াবেটিসকে মূলত প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে বিবেচনা করা হতো। তবে বংশগত প্রবণতা, জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে এখন ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও এ রোগ দেখা যাচ্ছে। তাদের হাসপাতালে ১০ বছরের কম বয়সী শিশুর শরীরেও টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয়েছে।

চিকিৎসকদের মতে, শিশুদের ডায়াবেটিসের অন্যতম ঝুঁকি পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমা। বাইরে থেকে খুব বেশি স্থূল মনে না হলেও অনেক শিশুর পেটে অতিরিক্ত মেদ থাকতে পারে। এ ধরনের চর্বি শরীরের বিপাকীয় কার্যক্রমে প্রভাব ফেলে এবং ডায়াবেটিসসহ বিভিন্ন বিপাকীয় রোগের ঝুঁকি বাড়ায়।

অধ্যাপক ভূঁইয়া বলেন, শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের অভাবের সঙ্গে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ফোন, টেলিভিশন ও কম্পিউটারের সামনে বসে থাকায় তাদের দৈনন্দিন শারীরিক কার্যক্রম কমে যাচ্ছে।

ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক নাসিমুর রিয়াজের মতে, শিশুদের জীবনযাপনে বড় পরিবর্তন এসেছে। আগে দিনের বড় একটি সময় শিশুরা বাইরে খেলাধুলা করে কাটাত। এখন সেই জায়গা দখল করেছে মোবাইল ফোন, ভিডিও গেম ও টেলিভিশন।

খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। ঘরে তৈরি খাবারের পরিবর্তে শিশুদের মধ্যে ফাস্টফুড, কোমল পানীয় ও প্যাকেটজাত খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে। চিকিৎসক নাসিমুর রিয়াজ বলেন, অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম কম হলে শরীরের পক্ষে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বাড়ার পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি হয়।

শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ৫ অভ্যাস
শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করা জরুরি। কয়েকটি অভ্যাস গড়ে তুললে স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যায়।

১. নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা
শিশুদের প্রতিদিন খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। দৌড়ঝাঁপ, সাইকেল চালানো, সাঁতার কিংবা বাইরে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিকভাবে সক্রিয় রাখা যায়। নিয়মিত শরীরচর্চা ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ইনসুলিনের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে।

২.মোবাইলের ব্যবহার কমানো
মোবাইল ফোন, টেলিভিশন ও ভিডিও গেমে দীর্ঘ সময় কাটানোর অভ্যাস কমাতে হবে। বিশেষ করে খাবার খাওয়ার সময় ও ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার নিরুৎসাহিত করা উচিত। অবসর সময়ে শিশুদের বই পড়া, ছবি আঁকা কিংবা বাইরের খেলাধুলায় উৎসাহিত করা যেতে পারে।

৩. ফাস্টফুড এড়িয়ে চলা
কোমল পানীয়, প্যাকেটজাত জুস, অতিরিক্ত মিষ্টি, চিপস, বার্গার ও অন্যান্য ফাস্টফুড নিয়মিত খাওয়ার অভ্যাস কমাতে হবে। এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি থাকতে পারে। এর পরিবর্তে পানি ও ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

৪. পর্যাপ্ত ঘুম
শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। অনিয়মিত ঘুম ও রাত জাগার অভ্যাস কমাতে হবে। ঘুমের নির্দিষ্ট সময়সূচি তৈরি করলে শিশুদের স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন গড়ে তুলতে সুবিধা হয়।

৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো
পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে কিংবা শিশুর অতিরিক্ত ওজন ও পেটের মেদ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করার পরীক্ষাও করানো যেতে পারে। অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত পিপাসা ও ঘন ঘন প্রস্রাবের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শিশুদের খাদ্যতালিকায় যা রাখবেন
শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাবারে সুষম ও পুষ্টিকর উপাদান রাখা জরুরি। খাদ্যতালিকায় মৌসুমি ফল যেমন- আম, জাম, কাঠাল, লিচু। শাকসবজি যেমন- লালশাক, পালংশাক, কলমিশাক; ডাল, ছোট-বড় মাছ, ডিম ও দুধের পাশাপাশি পরিমিত পরিমাণে ভাত বা রুটি রাখতে হবে। এছাড়া লাল চাল, লাল আটার রুটি ও অন্যান্য আঁশযুক্ত খাবারও রাখা যেতে পারে।

অন্যদিকে কোমল পানীয়, প্যাকেটজাত জুস, অতিরিক্ত মিষ্টি, চিপস ও ফাস্টফুড খাওয়ার অভ্যাস কমাতে হবে। এসবের পরিবর্তে পানি, তাজা ফল ও ঘরে তৈরি খাবার খেতে উৎসাহিত করতে হবে।

অল্প বয়সে ডায়াবেটিস জটিলতা বাড়াতে পারে
শিশু বয়সে ডায়াবেটিস শনাক্ত হলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। যথাসময়ে রোগ নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে হৃদ্‌যন্ত্র, চোখ ও কিডনিতে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

অধ্যাপক ভূঁইয়া জানান, গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতা নিয়ে রোগী আসছেন। এর মধ্যে ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিসের কারণে পায়ে ঘা হওয়ার ঘটনা রয়েছে। পাশাপাশি কিডনি-সংক্রান্ত জটিলতাও বাড়ছে। সময়মতো রোগ শনাক্ত না করা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারাকে এসব জটিলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

হাসপাতালটির এন্ডোক্রিনোলজি বিভাগে রোগীর চাপও বেড়েছে। অধ্যাপক ভূঁইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এসব রোগীর মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশ রয়েছে।

চিকিৎসকদের পরামর্শ, শিশুদের খাবার, খেলাধুলা ও ঘুমের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে পারলে স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950