স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে। © সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল চারটার দিকে এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদযন্ত্রে (হার্টে) রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা অনুভবের পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি নেন। আজ বিকেল চারটার দিকে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।