অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে

২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এর জনবল বৃদ্ধি ও অর্গানোগ্রাম সম্প্রসারণের কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, এর মাধ্যমে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার-দ্য-কাউন্টার অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করেন, যা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এই সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। এজন্য মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় দেড়শ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও ভৌত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপত্র নিরীক্ষা করা সহজ হবে এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত হবে।

মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মৎস্য ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেন আন্তর্জাতিক জনসাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, খামার পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া পশুপাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তাই কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় নয়; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

হাসপাতাল পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের ‘অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বা নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি আইইডিসিআরের চলমান এএমআর নজরদারি কার্যক্রমকে কোনো সাময়িক প্রকল্প হিসেবে না রেখে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন। একইসঙ্গে ফ্লু বা ভাইরাসজনিত সাধারণ জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন না করতে জনগণকে সচেতন করার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি প্রমুখ বক্তব্য রাখেন।

সারাদেশের সব জেলায় জামায়াতের বিক্ষোভ আগামীকাল
  • ২৫ নভেম্বর ২০২৬
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসনকে ঢেল…
  • ২৫ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরে আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল …
  • ২৫ নভেম্বর ২০২৬
মুল্ডারে বিধ্বস্ত, তিন দিনেই ইনিংস ও ২১৯ রানে হার
  • ২৫ নভেম্বর ২০২৬
প্রকল্পের দুই বছর মেয়াদ বাড়তেই চলে গেল ৫ মাস, ব্যয় বাড়ল আরও…
  • ২৫ নভেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত ঢাবি শিক্ষার্থীর মা, চিকিৎসায় প্রয়োজন ১…
  • ২৫ নভেম্বর ২০২৬