পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু ১৩ ডিসেম্বর

২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত © সংগৃহীত

আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ওই দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে দৈনিক সমকাল সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মেরী স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের গৃহীত নীতির সমালোচনা করে তিনি বলেন, বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। আমরা দায়িত্ব নেওয়ার পরই জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছি এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।

স্বাস্থ্যখাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে ড. মুহিত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করতে তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেওয়া হবে, যাতে তারা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারেন।

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।

আধুনিক যুগে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগ ইনস্টিটিউট থাকলেও ১০ কোটি নারীর জন্য কোনো বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি একটি ‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচক হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাস-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, ইউএনএফপিএর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার  বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।

শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬