জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত
সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।
আজ বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।