বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। © সংগৃহীত
হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক গবেষণার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। গবেষণা ক্যাটাগরিতে তিনি রৌপ্যপদক পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক। হাঁসের ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনসংক্রান্ত তাঁর গবেষণা প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
নিজের অর্জন ও ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা এবং মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদন তাঁদের ভবিষ্যৎ গবেষণার অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণীর শরীরে বিভিন্ন ওষুধের ব্যবহার এবং শারীরিক চাপ কমানো সম্ভব। এর ফলে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো যাবে।
প্রাণীর মৃত্যুহার কমানো এবং প্রাণিসম্পদ খাতকে খামারিদের জন্য আরও লাভজনক করে তোলাও তাঁর গবেষণার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
তরুণ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক বাহানুর রহমান বলেন, তরুণ শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের প্রাণিসম্পদবিষয়ক গবেষণায় যুক্ত করা এবং এ খাতে কাজের সুযোগ তৈরি করা গেলে বাংলাদেশকে একটি রপ্তানিমুখী প্রাণিসম্পদ অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি মনে করেন, গবেষণা, প্রযুক্তির উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির সমন্বয়ের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সম্ভাবনাময় করে তোলা সম্ভব।