আ. লীগ বিরোধী মিছিল নিয়ে বাকৃবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

২০ নভেম্বর ২০২৬, ০৮:০১ AM
বাকৃবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

বাকৃবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হলটির শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার জন্য শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীদের দায়ী করেছেন মেজবাউল হক মিজু। তার অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে দুই হলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেন। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজুর অনুসারীরাই প্রথমে তাদের ওপর হামলা করেন। অন্যদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগবিরোধী মিছিল করতে বের হলে তায়েফ ও সিফাতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনাও ঘটে। মিছিল শেষে হলে ফেরার পর আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন হলের এক শিক্ষার্থী।

মেজবাউল হক মিজু বলেন, ‘রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলাম তখন ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা আমাদের উপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহয়াওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন আমাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।’

তিনি আরও বলেন, ‘শফিকুল ইসলাম আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন গতকাল (বুধবার) আর আজকে আমার উপর অতর্কিত হামলা হয়। হামলাকারীরা আমার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে তায়েফ মাহমুদ বলেন, ‘যে কোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই আমরা সেন্ট্রাল থেকে অনুমতি নিই। আজকে যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের সাথে নিয়ে মিছিল করতে বের হয়, তখন তাদের জিজ্ঞেস করি যে তারা অনুমতি নিয়েছেন কি না। সেই সময় মিজু তার উত্তরে বলে যে সে সেন্ট্রাল মানে না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের উপরে হামলা করে। আমরা ওইসময় হামলা প্রতিহত করতে থাকি। এরই মাঝে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন এতে আহত হয়েছে।’

শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব। এখানে আমার কোনোই সম্পৃক্ততা নাই। যিনি অভিযোগ করেছেন, আমার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। তবে ওই ঘটনার সময় আমি ক্যাম্পাসেও উপস্থিত ছিলাম না।’

আরেক অভিযুক্ত এ এম শোয়াইব বলেন, ‘আমার এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সাথে যারা সম্পৃক্ত তারা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরকম উল্টাপাল্টা অভিযোগ দিচ্ছে। আর মিজু ছাত্রলীগের অনুসারী, সে ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তাই ছাত্রলীগকে হাইলাইট করা জন্য এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এরকম অভিযোগ দিচ্ছে। আর হলের সিসি টিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমার নেতৃত্বে কিছু হয়েছে কিনা। আমি এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই।’

ঘটনার বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘যেহেতু তাদের কথা মতে দুই পক্ষেরই দোষ রয়েছে। আমরা আমাদের হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই যে আসল দোষী এখানে কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’

ববি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি’র অনুমো…
  • ২০ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী মিছিল নিয়ে বাকৃবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ…
  • ২০ নভেম্বর ২০২৬
চবি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্যাম্পাসের ১৪ স্থানে চার্জ…
  • ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠি বাজারে আগুন, ৬ দোকান পুড়ে ছাই
  • ২০ নভেম্বর ২০২৬
সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগা…
  • ২০ নভেম্বর ২০২৬
এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage